ব্রিকস সিভিল কাউন্সিলের কার্যক্রমে মানবিক সহায়তা, সংকটাপন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির মতে, মানবিক বিষয়গুলোকে গুরুত্ব দিলে কাউন্সিলের কার্যক্রম আরও কার্যকর ও বাস্তবমুখী হয়ে উঠবে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ব্রিকস সিভিল কাউন্সিলের বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান রাজিয়ে আলিশভান্দি।
তিনি বলেন, মানবিক কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা, মাঠপর্যায়ে কাজের সক্ষমতা এবং সামাজিক কর্মকাণ্ডে বিস্তৃত ভূমিকার কারণে ইরান রেড ক্রিসেন্ট ব্রিকস সিভিল কাউন্সিলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রস্তাবগুলোর অন্যতম লক্ষ্য হলো, কাউন্সিলের সদস্যপদ ও অংশগ্রহণ কাঠামোতে জাতীয় রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ভূমিকা নির্ধারণ করা।
আলিশভান্দি বলেন, ব্রিকসের বেসামরিক পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে সংকটের শিকার মানুষের মতামত ও অভিজ্ঞতা প্রতিফলিত হওয়া জরুরি। দুর্যোগ, সংঘাত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত নারী, শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে ইরান। তাদের চাহিদা, সক্ষমতা ও মতামত যেন নীতিগত সুপারিশে গুরুত্ব পায়, সে বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা এবং ক্ষতি এড়ানোর নীতির অনুসরণের কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি মৌলিক নীতি অনুসরণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। নীতিগুলো হলো মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা এবং সর্বজনীনতা।
আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে কাজ করাও ব্রিকস সিভিল কাউন্সিলের অন্যতম দায়িত্ব হওয়া উচিত বলে মনে করছে ইরান রেড ক্রিসেন্ট। আলিশভান্দি বলেন, এই আইনের প্রতি শ্রদ্ধা বাড়ানো, আইন সম্পর্কে প্রচার ও শিক্ষার ব্যবস্থা এবং সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিক ও সুরক্ষার আওতায় থাকা অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটিকে উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি, মানবিক কর্মী ও চিকিৎসাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক কার্যক্রমে নিয়োজিত কর্মীদের ওপর হামলা প্রতিরোধে আলোচনা ও বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইরান।
আলিশভান্দির মতে, মানবিক আইন ও মানবিক কার্যক্রমকে ব্রিকসের বেসামরিক সহযোগিতার কাঠামোতে আরও গুরুত্ব দেওয়া হলে সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।
সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি