ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর ভাষায়, ইরানের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক চাপ একটি ‘নীরব যুদ্ধ’, যার প্রভাব মোকাবিলা করা সামরিক সংঘাতের চেয়েও কঠিন।
শুক্রবার (২১ নভেম্বর) বিনিয়োগকারী ও উৎপাদনকারীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। তাঁর বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ)।
বৈঠকে পেজেশকিয়ান বলেন, একদল আধিপত্যবাদী ও নিপীড়ক শক্তি ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও দেশটির ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন।
তিনি বলেন, সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপও ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আসন্ন শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। শীতকালে যেন বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।
ইরানে হামলার প্রস্তুতি, তেল বিক্রির অর্থও আটকে দিতে চায় যুক্তরাষ্ট্র
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ওপর চাপ বাড়াচ্ছে বাগদাদ