মার্কিন অবরোধ চ্যালেঞ্জ করে হরমুজে ইরানের ‘খাত শেকান’ ট্যাংকার

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অমান্য করে তেল রপ্তানির আলোচনার মধ্যে পারস্য উপসাগরে ‘খাত শেকান’ নামের একটি ট্যাংকারের চলাচল শনাক্ত করেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিক। ফারসি ভাষায় ‘খাত শেকান’ শব্দের অর্থ ‘অবরোধভাঙা’। তবে জাহাজটির প্রকৃত পরিচয় ও পণ্যবাহী অবস্থার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে পারস্য উপসাগরে জাহাজটির চলাচলের তথ্য পাওয়া যায়। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি নিজেকে ‘খাত শেকান’ নামে পরিচয় দিয়েছে এবং ইরানের একটি সামুদ্রিক শনাক্তকরণ নম্বর জানিয়েছে।

তবে জাহাজটির তালিকাভুক্ত কল সাইন যুক্তরাষ্ট্রের নথিতে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারের সঙ্গে মিলে যায়। ফলে জাহাজটির প্রকৃত পরিচয় এবং এতে কী ধরনের পণ্য রয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অমান্য করে চীনের উদ্দেশে তেলবাহী ট্যাংকারের একটি বহর পাঠানোর প্রস্তাব দিয়েছিল।

ট্যাংকারটির ঘোষিত ড্রাফট বা পানিতে নিমজ্জিত অংশের গভীরতা ছিল ২২ দশমিক ৫ মিটার। এটি বিপুল পরিমাণ অপরিশোধিত তেলবাহী কোনো ট্যাংকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে জাহাজের কর্মীরা নিজেরাই এই পরিমাপের তথ্য হাতে ইনপুট দিয়ে থাকেন।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে ট্যাংকারট্র্যাকার্সের সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি জানান, পারস্য উপসাগরে একটি ট্যাংকার অন্য একটি জাহাজ থেকে ইরানি অপরিশোধিত তেল সংগ্রহ করছিল। তবে তিনি ট্যাংকারটির নাম প্রকাশ করেননি।

মাদানি বলেন, ওই তেল যদি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে তা হবে জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর সমুদ্রপথে ইরানের প্রথম সফল অপরিশোধিত তেল রপ্তানি।

এদিকে বিপ্লবী গার্ড বাহিনী-সংশ্লিষ্ট ফার্স নিউজ বৃহস্পতিবার যুক্তি দেয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের তেল টার্মিনালগুলোতে ইরানের পাল্টা হামলার হুমকি ওয়াশিংটনকে চীনগামী ট্যাংকার বহরে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে।