মিস ইউনিভার্সের জন্য ৩০০০ হীরার মুকুট!

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ এএম

মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। তবে এবারের আকর্ষণ কেবল নতুন বিজয়ীর নাম জানার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সবার নজর কেড়েছে প্রতিযোগিতার জন্য তৈরি বিশেষ নতুন মুকুটটি।

আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দৃষ্টিনন্দন এই মুকুটটি সবার সামনে আনা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের মিস ইউনিভার্স বিজয়ীর মাথায় উঠবে ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডে তৈরি অত্যন্ত নিখুঁত কারুকার্যময় এই মুকুট।

‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামকরণ করা এই মুকুটটি সাজানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে। বিখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলস প্যারিসের স্বনামধন্য গহনা নির্মাতা প্রতিষ্ঠান ‘মেইসন ডি’অর’-এর যৌথ উদ্যোগে এটি নির্মাণ করেছেন।

গত ৭৫ বছরে এই প্রতিযোগিতার পথচলা ও বিবর্তনকে তুলে ধরার পাশাপাশি যাঁরা মিস ইউনিভার্সকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন, সেই সব নারীদের সম্মান জানাতেই এই বিশেষ নকশা করা হয়েছে।

এ প্রসঙ্গে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সিইও রোনাল্ড ডে জানান, এই মুকুটটি মূলত তাঁদের দীর্ঘ ইতিহাসের প্রতি এক বিশেষ সম্মাননা। পাশাপাশি যাঁরা এই খেতাব জয় করেছেন, বিশ্বজুড়ে তাঁদের ইতিবাচক প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের যে নারীরা এই ধারা অব্যাহত রাখবেন, তাঁদের সাফল্যকে উদ্‌যাপন করতেই এই উদ্যোগ।

মুকুটটির নকশায় তিনটি বিশেষ হীরা ব্যবহার করা হয়েছে, যা মূলত অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক। এর বাম দিকের হীরাটি সেই সব অদম্য নারীদের স্মরণ করিয়ে দেয়, যাঁরা সব প্রতিবন্ধকতা জয় করে গত সাড়ে সাত দশকে এই আসরের ঐতিহ্য গড়ে তুলেছেন। ডান দিকের হীরাটি বর্তমান সময়ের সেই সব নারীদের প্রতিনিধিত্ব করে, যাঁরা নিজ নিজ অবস্থান থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এবং অন্যদের অনুপ্রাণিত করছেন।

মুকুটের ঠিক মাঝখানে বসানো সবচেয়ে বড় ও উজ্জ্বল হীরাটি ভবিষ্যতের সেই সব নারীদের প্রতীক, যাঁরা আগামীতে এই মঞ্চের মর্যাদা ধরে রাখবেন। এটি সংস্থার ঐতিহ্যবাহী তারকা চিহ্নের ঠিক নিচে স্থাপন করা হয়েছে, যা পুরোনো ঐতিহ্যের সঙ্গে নতুন যুগের এক মেলবন্ধন তৈরি করেছে।

প্লাজা লাস আমেরিকাসের ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুকুটটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে এবারের আসরের প্রতিযোগীদের পাশাপাশি মিস ইউনিভার্সের ইতিহাসের সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন।

 

তথ্যসূত্র: গালফ নিউজ

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত