ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্বকে তেলের বিদায় জানাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের পররাষ্ট্র সম্পর্ক কমিটির প্রধান আব্বাস গোলরু। তিনি বলেছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে তা অতীতের যুদ্ধগুলোর মতো হবে না।
সোমবার (২৩ নভেম্বর) তেহরানে বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোলরু শত্রুপক্ষকে ভুল হিসাব-নিকাশ না করার সতর্কবার্তা দেন।
তিনি বলেন, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত বাড়ছে। অতীতের যুদ্ধগুলো থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য যেকোনো ভবিষ্যৎ অভিযান বা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
গোলরুর ভাষ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌশক্তি এবং স্থলযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী এসব সক্ষমতাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনেছে।
তিনি জানান, সম্প্রতি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহির সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ শত্রুপক্ষের সামরিক অবস্থান, আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর তৎপরতা এবং ইরানের নিজস্ব সামরিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
গোলরু বলেন, ওই প্রতিবেদন ও মূল্যায়নে ইরানের সামরিক প্রস্তুতির বিষয়ে আশাব্যঞ্জক চিত্র উঠে এসেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক কমান্ডারদের সঙ্গে সর্বোচ্চ নেতার বৈঠকে যুদ্ধের পরিধি বাড়ানো এবং অঞ্চল ও এর বাইরেও লক্ষ্যবস্তুর বৈচিত্র্য বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর উদ্দেশ্য হলো, কোনো পদক্ষেপ নেওয়ার আগে শত্রুপক্ষ যেন তার সম্ভাব্য ব্যয় ও পরিণতি আরও সতর্কভাবে হিসাব করে।
তেলের বাজারে সম্ভাব্য প্রভাব
বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারকে যেকোনো যুদ্ধের হিসাব-নিকাশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার কথা বলেন গোলরু।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্বকে তেলের বিদায় জানাতে হবে।’ তাঁর দাবি, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির সমীকরণে প্রভাব ফেলার মতো বিভিন্ন উপায় ও সক্ষমতা ইরানের রয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি