শত্রুর সঙ্গে সংঘাতের ক্ষেত্র কোথায় হবে, তা নির্ধারণ করবে ইরান: গালিবাফ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

সামরিক সক্ষমতার ক্রমবর্ধমান উন্নয়ন যুদ্ধক্ষেত্রের সমীকরণে মৌলিক পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, প্রতিপক্ষের সঙ্গে যেকোনো সংঘাতের ভৌগোলিক পরিসর তেহরানই নির্ধারণ করবে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে তৃতীয় ‘ওমিদ মিডিয়া কাপ’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধগুলোতে ইরানের অভিজ্ঞতা প্রমাণ করেছে, দেশটি আরও শক্তিশালীভাবে জবাব দিতে এবং যুদ্ধক্ষেত্রের গতিপথ বদলে দিতে সক্ষম।

তিনি বলেন, ইরানের সামনে এখন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার প্রধান উপায় টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তোলা। এ জন্য সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, গণমাধ্যম ও সামাজিক সব ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে হবে।

গালিবাফের মতে, দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠা করতে জাতীয় শক্তির সব উপাদান চিহ্নিত করে কার্যকরভাবে কাজে লাগানো জরুরি। এর মাধ্যমে প্রতিপক্ষ যেন ইরানের ওপর দীর্ঘ সময় ধরে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা চাপিয়ে দিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, শত্রুপক্ষ ইরানকে দীর্ঘ সময় ধরে ‘যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী’ অবস্থায় আটকে রাখতে চায়। এর উদ্দেশ্য দেশটিকে ক্লান্ত করে ফেলা এবং তার শক্তি দুর্বল করা।

ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির সাম্প্রতিক এক বার্তার প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে পারে না।

তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ হলো টেকসই প্রতিরোধক্ষমতা অর্জন।’

গালিবাফের ভাষায়, প্রকৃত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে অর্থনীতি, রাজনীতি, সামরিক শক্তি, গণমাধ্যম এবং সামাজিক সংহতিসহ প্রতিটি ক্ষেত্রে সক্ষমতা প্রয়োজন।

একটি শক্তিশালী ইরান গড়ে তোলাকে তিনি সরকার ও জনগণের সম্মিলিত দায়িত্ব বলে উল্লেখ করেন। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বৈজ্ঞানিক অর্জনকে বাস্তব প্রযুক্তিতে রূপান্তরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইরানের পার্লামেন্ট স্পিকার।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত