ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই ইউক্রেনের জন্য বরাদ্দ করা প্রায় ৬০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হস্তান্তরের অনুমোদন দেয়নি ওয়াশিংটন। পশ্চিমা মিত্রদের অর্থায়ন নিশ্চিত হওয়ার পরও মার্কিন প্রশাসনের ছাড়পত্র না পাওয়ায় আটকে আছে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অনুমোদন না পাওয়ায় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরগুলোর চালান পাঠানো সম্ভব হচ্ছে না।
আটকে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে উন্নত সংস্করণের ৪০টি পিএসি-৩ এবং পুরোনো সংস্করণের প্রায় ২০টি পিএসি-২ ইন্টারসেপ্টর। এগুলোর কয়েকটি ইউরোপের বিভিন্ন দেশের অস্ত্রভান্ডারে সংরক্ষিত রয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে তৈরি হওয়ায় অন্য দেশে স্থানান্তরের ক্ষেত্রেও ওয়াশিংটনের অনুমতি প্রয়োজন।
এফটির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য বরাদ্দ করা ৪০টি পিএসি-৩ ক্ষেপণাস্ত্র চার দফায় সরবরাহের পরিকল্পনা ছিল। এর মধ্যে সেপ্টেম্বরে আটটি, অক্টোবরে ১০টি, নভেম্বরে ১০টি এবং ডিসেম্বরে ১২টি ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো চালানের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি। একইভাবে ইউক্রেনের জন্য বরাদ্দ করা আরও প্রায় ২০টি পিএসি-২ ক্ষেপণাস্ত্রের সরবরাহও আটকে রয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের অনুমতি দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ইউক্রেনের পশ্চিমা অংশীদাররা ক্ষেপণাস্ত্রগুলোর অর্থ পরিশোধ করলেও সেগুলো হাতে পাওয়া যাচ্ছে না।
রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ইন্টারসেপ্টরের চাহিদা বেড়েছে। তবে এফটির প্রতিবেদনে উঠে আসা ক্ষেপণাস্ত্র আটকে থাকার তথ্য রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুধু ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনের নিজস্ব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও মার্কিন প্রশাসনের অনুমোদন প্রক্রিয়ায় আটকে রয়েছে।
গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির প্রযুক্তি ও উৎপাদন-সংক্রান্ত অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
এফটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রাথমিকভাবে সম্মতি দিলেও প্রস্তাবটি আরও পর্যালোচনার জন্য পেন্টাগনের অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণবিষয়ক আন্ডার সেক্রেটারি মাইকেল ডাফির কাছে পাঠানো হয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, অনুমোদন মিললেও ইউক্রেনে নিজস্ব উৎপাদন শুরু করতে কয়েক বছর সময় লাগতে পারে। ফলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষার ঘাটতি পূরণে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
শীতকালীন সময়ে রাশিয়ার সম্ভাব্য ব্যাপক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে ৩০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর চেয়েছিল কিয়েভ। কিন্তু বিশ্ববাজারে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ সীমিত থাকার কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন সেই অনুরোধ পূরণ করেনি বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
এদিকে গত মাসে ইউক্রেনের জন্য প্রায় ২১০ কোটি ডলার মূল্যের ৫০০টি পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হতে ২০৩০-এর দশকের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। ফলে ইউক্রেনসহ অন্যান্য অংশীদারকে ক্ষেপণাস্ত্র সরবরাহের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
অন্যদিকে ইউক্রেনকে রাশিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বিলম্বিত হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতি রক্ষার চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।
পেন্টাগনের এক মুখপাত্র অবশ্য ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ইউরোপীয় অংশীদার ও ইউক্রেনের সঙ্গে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে শিল্প সহযোগিতা সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
তবে ক্ষেপণাস্ত্র হস্তান্তরের অনুমোদন এবং নিজস্ব উৎপাদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আপাতত পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত সহায়তার ওপরই নির্ভর করতে হচ্ছে কিয়েভকে।
সূত্র: রয়টার্স