গাজায় গত তিন বছরে ইসরায়েলি বাহিনী বারবার নারী ও মেয়েশিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এসব মানবাধিকার লঙ্ঘনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
‘নো কন্ডিশনস ফর লাইফ: উইমেন, গার্লস অ্যান্ড দ্য জেন্ডারড ডাইমেনশনস অব ইসরায়েলস জেনোসাইড অ্যাগেইনস্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা’ শিরোনামের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নারী ও মেয়েশিশুদের হত্যা, আহত, জোরপূর্বক বাস্তুচ্যুত এবং বেআইনিভাবে আটক করেছে।
এ ছাড়া গাজার নারী ও মেয়েশিশুদের মৌলিক স্বাস্থ্যসেবা এবং প্রজননস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের খাদ্যসংকট ও অনাহারের মধ্যেও রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যামনেস্টি।
সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘এই নতুন প্রতিবেদন ইসরায়েলের গণহত্যার গভীর লিঙ্গভিত্তিক মাত্রা তুলে ধরেছে। এতে নারী ও মেয়েশিশুদের ওপর চালানো নৃশংসতার নতুন তথ্য উঠে এসেছে, যা তাদের জীবনকে বিপর্যস্ত করে চলেছে এবং তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও তাদের অসহনীয় দুর্ভোগের কারণ হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে আমাদের প্রতিবেদন তা আরও স্পষ্ট করেছে।’
ক্যালামার্ডের ভাষ্য অনুযায়ী, গাজার ফিলিস্তিনিদের এমন জীবনযাপনের পরিস্থিতির মধ্যে রাখা হচ্ছে, যা তাদের শারীরিকভাবে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত। একই সঙ্গে তাঁদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।