ট্রাম্পের ইরান অবরোধ ব্যর্থ: রেজায়ি

ইরানকে অবরুদ্ধ করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে ‘অবাস্তব ও নিষ্ফল’ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেকোনো নতুন আগ্রাসনের জবাব দিতে এবং অবরোধ ভেঙে বেরিয়ে আসতে তেহরান প্রস্তুত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আগ্রাসন থেকে ট্রাম্প ও তাঁর প্রশাসন কোনো শিক্ষা নেয়নি।

তিনি লেখেন, ‘ট্রাম্প ও তাঁর পরাজিত দলের ইরানকে অবরুদ্ধ করার পরিকল্পনা তাদের ব্যর্থ যুদ্ধকৌশলের মতোই অবাস্তব ও নিষ্ফল।’

রেজায়ি আরও বলেন, ‘ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অবরোধ ভেঙে ফেলা এবং যেকোনো নতুন আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’

রেজায়ির এ বক্তব্য এমন সময়ে এল, যখন ট্রাম্প প্রশাসন ‘আয়রন গেট’ নামে নতুন একটি উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

ওয়াশিংটনের দাবি, এ উদ্যোগের লক্ষ্য বিদ্যমান নৌ অবরোধের পরিধি বাড়িয়ে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যপথগুলোকে লক্ষ্যবস্তু করা।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর দেশটির ওপর নৌ অবরোধ আরোপ করে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর এ অবরোধ আরোপ করা হয়।

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের ওপর স্থল অবরোধ আরোপের ধারণা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, ইরানের বিশাল সীমান্তজুড়ে অবস্থিত প্রদেশগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

আরাগচির ভাষায়, ‘ইরানের বিশাল আয়তন এবং বিভিন্ন প্রদেশের সক্ষমতার ভিন্নতার কারণে দেশটির ওপর স্থল অবরোধ আরোপ করা প্রায় অসম্ভব। প্রতিটি প্রদেশেরই নিজস্ব সক্ষমতা ও বৈশিষ্ট্য রয়েছে।’