লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক বিভক্তি কাটিয়ে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নতুন উদ্বেগের মুখে ফেলেছে। হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের রাজনৈতিক শিবিরের নেতারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব লিবিয়ায় ছড়িয়ে পড়লে দেশটির ভঙ্গুর রাজনৈতিক সমঝোতা প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
গত রোববার লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করে থাকা রাশিয়ার একটি জাহাজে ড্রোন হামলা হয়। পরদিন সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওই হামলার দায় স্বীকার করেন। এরপর লিবিয়ার দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এক দশকের বেশি সময় ধরে দেশটি কার্যত দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে সাম্প্রতিক হামলা দেশটির ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
লিবিয়ায় রাশিয়ার উপস্থিতির কারণ কী?
গাদ্দাফির পতনের পর লিবিয়ায় দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন গড়ে ওঠে। পশ্চিমাঞ্চলীয় রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) পরিচালনা করছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবা। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ রয়েছে।
গাদ্দাফি ক্ষমতায় থাকাকালে হাফতার যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। পরে রাশিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, মস্কো হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) অস্ত্র, ভাড়াটে যোদ্ধা ও কূটনৈতিক সহায়তা দিয়েছে। এর ফলে পূর্ব লিবিয়ার বড় অংশে হাফতারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়েছে।
এর বিনিময়ে লিবিয়ায় সামরিক ও রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে রাশিয়া। দেশটিতে বন্দর, বিমানঘাঁটি, অস্ত্র ও সরঞ্জাম সংরক্ষণের স্থান, রক্ষণাবেক্ষণ সুবিধা এবং স্থলপথ ব্যবহারের সুযোগ রয়েছে মস্কোর। এসব অবকাঠামো আফ্রিকার অন্যান্য অঞ্চলে রাশিয়ার সামরিক তৎপরতা চালানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
সুদান, মালি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার ও বুরকিনা ফাসোসহ আফ্রিকার কয়েকটি দেশে রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয়। লিবিয়ায় রাশিয়ার প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৮০০ জন সদস্য অবস্থান করছেন বলে অনুমান করা হয়। তাঁদের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আফ্রিকা কর্পসের সদস্যরাও রয়েছেন। আফ্রিকায় রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নিয়ে এই ইউনিট কাজ করছে।
আটলান্টিক কাউন্সিলের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের অনাবাসিক গবেষক রুসলান ট্রাডের মতে, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর রাশিয়ার জন্য পূর্ব লিবিয়ার সামরিক গুরুত্ব আরও বেড়েছে। আসাদ ছিলেন মধ্যপ্রাচ্যে মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র।
ট্রাড আলজাজিরাকে বলেন, লিবিয়ায় রাশিয়ার ঘাঁটিগুলো মূলত দেশটির অভ্যন্তরীণ সংঘাতে অংশ নেওয়ার জন্য নয়; বরং সাহেল অঞ্চল ও মধ্য আফ্রিকায় মস্কোর সামরিক ও রাজনৈতিক উপস্থিতি বজায় রাখার কাজে ব্যবহৃত হয়। ভূমধ্যসাগর থেকে আফ্রিকার অভ্যন্তরে রাশিয়ার মিত্র ও সামরিক অবস্থানগুলোর মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে এসব ঘাঁটি।
লিবিয়ায় এই সুবিধা না থাকলে রাশিয়াকে নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সামরিক তৎপরতা চালাতে আরও বেশি পরিবহন ও যোগাযোগসংক্রান্ত বাধার মুখে পড়তে হতো বলেও মনে করেন তিনি।
লিবিয়ায় ইউক্রেনের উপস্থিতি কেন?
লিবিয়ায় রাশিয়ার প্রভাব মোকাবিলায় ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকার আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করেছে। এ ক্ষেত্রে তুরস্কের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে জিএনইউ ইউক্রেনের পক্ষেও স্পষ্ট অবস্থান নিয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর জিএনইউ এর নিন্দা জানায়। একই বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পক্ষে ভোট দেওয়া একমাত্র আরব দেশ ছিল লিবিয়া।
২০২৩ সালে দুই পক্ষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। প্রধানমন্ত্রী দাবেইবা ত্রিপোলিতে ইউক্রেনের আনুষ্ঠানিক দূতাবাস প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা শুরু করেন। এর কিছুদিন পর ইউক্রেনের সেনারা পশ্চিম লিবিয়ার জিএনইউ-সমর্থিত বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে শুরু করে।
রাশিয়ার দীর্ঘদিনের অভিযোগ, ইউক্রেন পশ্চিম লিবিয়ায় অবস্থান নিয়ে জিএনইউ বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে এবং আফ্রিকায় রুশ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার উপকূলে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এসব হামলার দায় কেউ স্বীকার না করলেও সেগুলোর পেছনে ইউক্রেনের বাহিনী থাকতে পারে বলে সন্দেহ করা হয়। বেনগাজির হামলার দায় জেলেনস্কি স্বীকার করায় বিষয়টি আর আগের মতো অস্পষ্ট থাকেনি।
ট্রাডের ভাষ্য, উত্তর-পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের উপস্থিতি সীমিত এবং অনেকটা আড়ালে পরিচালিত সামরিক সহযোগিতার অংশ। এর প্রধান উদ্দেশ্য ভূমধ্যসাগরে রাশিয়ার জাহাজ ও সামরিক রসদ পরিবহনব্যবস্থার বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন অভিযান পরিচালনায় সহায়তা করা।
ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের সন্দেহভাজন হামলার মধ্যে রয়েছে গত সেপ্টেম্বরে ক্রিট ও লিবিয়ার মধ্যবর্তী এলাকায় রুশ পণ্যবাহী জাহাজ ‘লেডি মারিয়া’তে ড্রোন হামলা। এ ছাড়া ডিসেম্বরে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ‘আর্কটিক মেটাগাজ’-এ হামলার পর আগুন ধরে যায় এবং সেটি মাল্টা ও লিবিয়ার মধ্যবর্তী সমুদ্রে ভাসতে থাকে।
তবে বেনগাজির সাম্প্রতিক হামলাটি লিবিয়ার ভূখণ্ড থেকেই পরিচালিত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা কতটা ঝুঁকিতে?
২০১৪ সাল থেকে জাতীয় ঐক্য সরকারের অনুগত গোষ্ঠী এবং হাফতারের নেতৃত্বাধীন এলএনএর মধ্যে দীর্ঘ সংঘাত চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। পূর্ব ও পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষকে একীভূত করার উদ্যোগও বারবার ব্যর্থ হয়েছে।
তবে ২০২৫ সাল থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগে লিবিয়ার বিভক্তি কাটিয়ে ওঠার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। দেশটির রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এক কাঠামোর আওতায় আনার লক্ষ্যে একটি সহযোগিতার রূপরেখা তৈরি হয়েছে।
চলতি বছরের এপ্রিলে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো লিবিয়া একটি অভিন্ন জাতীয় বাজেট গ্রহণ করে। দেশটির সংঘাতে জড়িত বা সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়া ১০টি দেশ এক যৌথ বিবৃতিতে এ উদ্যোগকে স্বাগত জানায়। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, মিসর, ফ্রান্স, জার্মানি, ইতালি, কাতার, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
রাশিয়াও ২২ এপ্রিল এক বিবৃতিতে অভিন্ন বাজেটের উদ্যোগকে স্বাগত জানায়। তবে লিবিয়ার ভবিষ্যৎ নির্ধারণে বাইরের পক্ষগুলোর হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে মস্কো।
গত ৩০ আগস্ট জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। এতে একক নির্বাহী কর্তৃপক্ষের অধীনে ২৪ মাসের মধ্যে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয় তারা। তবে এ প্রক্রিয়ায় দুই পক্ষ কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
দোহার সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক স্যানসম মিল্টন আলজাজিরাকে বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই সমঝোতার কাঠামোই লিবিয়ার দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে রাজনৈতিক সমাধানের সবচেয়ে স্পষ্ট সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, হাফতার ও দাবেইবার শিবির আগে লিবিয়ার তেলসম্পদ কীভাবে ভাগ করা হবে, তা নিয়ে দর-কষাকষি করত। এখন তারা কীভাবে ক্ষমতা ভাগাভাগি করতে পারে, তা নিয়ে আলোচনা করছে। তাঁর মতে, শুধু রোববারের হামলার কারণে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা কম।
লিবিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ওসামা কুব্বারও মনে করেন, ইউক্রেন সরকারের স্বতন্ত্র উদ্যোগ হিসেবে পরিচালিত হয়ে থাকলে এ হামলায় দেশটির পুনর্মিলন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কম।
তিনি বলেন, জাহাজগুলো যদি সত্যিই ত্রিপোলি থেকে যাত্রা করে থাকে, তবে সেটি পশ্চিম লিবিয়ায় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত ইউক্রেনীয় সদস্যদের স্বাধীন উদ্যোগ হতে পারে। সে ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সমঝোতা প্রক্রিয়ায় এর প্রভাব পড়ার কথা নয়।
এরপর কী হতে পারে?
বিশ্লেষকদের মতে, বেনগাজি বন্দরে হামলার নিন্দা জানিয়েছে লিবিয়ার দুই পক্ষই। এ অবস্থান লিবিয়ায় ইউক্রেনের সামরিক উপস্থিতি ধরে রাখার প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে।
আলজাজিরাকে দেওয়া বক্তব্যে বিশ্লেষক হিশাম হারচাউই বলেন, রাশিয়ার সরকার ও হাফতার পরিবার কোনো না কোনোভাবে এই হামলার জবাব দেওয়ার চাপ অনুভব করতে পারে। তাঁর মতে, হামলাটি তাদের জন্য অপমানজনক হওয়ায় পাল্টা পদক্ষেপের দাবি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ইউক্রেন আগে গোপনে তৎপরতা চালালেও এখন রাশিয়ার রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় প্রকাশ্যে হামলার দায় স্বীকার করেছে। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার নানা সম্ভাবনা তৈরি হয়েছে।
এ হামলা লিবিয়ার ভঙ্গুর শান্তি প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে। দেশটি নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়ে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। হারচাউই বলেন, নতুন সংঘাতের সম্ভাবনা বেশি বলে তিনি মনে করেন না, তবে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগও নেই।
লিবিয়ার দুই প্রশাসনই জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তারা নিজেদের ভূখণ্ডে ছড়িয়ে পড়তে দিতে চায় না।
জাতিসংঘের সমঝোতার আওতায় গঠিত লিবিয়ার প্রেসিডেনশিয়াল কাউন্সিলের তিন সদস্যের একজন মুসা আল-কোনি হামলাটিকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘটনার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও অভিযোগ জানানোর কথা বলেছেন তিনি।
অন্যদিকে, লিবিয়ার দুই পক্ষের চাপের মুখে দেশটিতে ইউক্রেনের ভূমিকা সীমিত করার প্রয়োজন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রুসলান ট্রাডের মতে, লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা হিসেবে হামলাটিকে তুলে ধরতে দেশটির উভয় পক্ষেরই স্বার্থ রয়েছে। এর ফলে ইউক্রেনকে পুরোপুরি বহিষ্কারের পরিবর্তে দেশটিতে তাদের উপস্থিতি ও কার্যক্রমের দৃশ্যমানতা এবং নিয়ন্ত্রণ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে।
সূত্র: আল-জাজিরা
রোহিঙ্গা গণহত্যা : যেভাবে মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করাল গাম্বিয়া
দুই চেষ্টাতেও ইসরায়েল যেতে পারল না আমিরাতি বিমান
সরকার গঠনে সংকটে আইজেনকোট
বিদেশি কূটনীতিকদের কাছে আ’লীগের নাশকতার তথ্য জানাল সরকার