ইরানের পরমাণু প্রযুক্তির অগ্রগতি থামানো যাবে না: ইসলামি

ইরানের পরমাণু প্রযুক্তির অগ্রগতির পথ কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে শত্রুপক্ষের অভিযোগের উদ্দেশ্য দেশটির বৈজ্ঞানিক অগ্রগতি বাধাগ্রস্ত করা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইসলামি।

তিনি জানান, কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। উন্নত প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ইরানের অগ্রযাত্রার অংশ হিসেবে এ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

ইসলামি বলেন, উন্নত প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ এবং বৈজ্ঞানিক সক্ষমতা অর্জন একটি দেশকে শক্তি ও মর্যাদা এনে দেয়। ইরান এসব সক্ষমতা অর্জন করুক, তা শত্রুপক্ষ চায় না। এ কারণেই ইসলামি প্রজাতন্ত্রের প্রতি তাদের আপত্তি।

তিনি বলেন, স্বাধীন দেশগুলোর উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্বশক্তিগুলোর। এ ক্ষেত্রে ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া বিভিন্ন আইন ও নীতির কথাও উল্লেখ করেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের চিঠি ও অবস্থানের প্রসঙ্গ তুলে ইসলামি বলেন, দীর্ঘদিন ধরেই ইরানকে এ প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা চলছে। অথচ পরমাণু প্রযুক্তি মানবজাতির গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন, যা সুস্পষ্ট আন্তর্জাতিক নিয়ম ও বিধিবিধান মেনে ব্যবহার করা উচিত।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েকটি শক্তিধর দেশের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তথ্য-প্রমাণভিত্তিক যুক্তি না থাকলে তারা বিভিন্ন অভিযোগ তৈরি করে ইরানের অগ্রগতি থামানোর চেষ্টা করে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়—এ ধরনের অভিযোগও সেই প্রচারণার অংশ।

ইসলামি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মহল থেকে প্রকাশিত তথ্য ও নথি এসব প্রচারণার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তাঁর দাবি, ইরানের অগ্রযাত্রা জ্ঞান, গবেষণা, সক্ষমতা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর ভিত্তি করে এগিয়ে চলছে।

তিনি বলেন, পরমাণু প্রযুক্তি বৈজ্ঞানিক সক্ষমতার পাশাপাশি জাতীয় সম্পদ সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গবেষণার ফলাফলকে দ্রুত পণ্য ও সেবায় রূপান্তর করার সক্ষমতা ইরানের পরমাণু শক্তি সংস্থার অন্যতম বৈশিষ্ট্য।

কৃষিতে বিকিরণ প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে ইসলামি বলেন, দেশের কৃষি খাতের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমানো গুরুত্বপূর্ণ লক্ষ্য। দেশে উৎপাদন সক্ষমতা বাড়ানো গেলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগও তৈরি হবে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি