পারস্য উপসাগরে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সতর্কতামূলক গুলির মুখে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান গতিপথ পরিবর্তন করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের হেনগাম দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও আইআরজিসির এই দাবির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
আইআরজিসির মহাকাশ বাহিনীর দাবি, মার্কিন যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে এসেছিল। ওই সময় বিমানটি কয়েকটি জাহাজকে পাহারা দেওয়ার পাশাপাশি সেগুলোর নিরাপত্তায় আকাশ থেকে সহায়তা দিচ্ছিল। জাহাজগুলো ইরানের ভাষ্য অনুযায়ী, সামুদ্রিক বিধিবিধান লঙ্ঘন করছিল।
আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি গতিপথ পরিবর্তন করে সরে যায়।
তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, যুদ্ধবিমানটির গতিপথ পরিবর্তনের বিষয়ে ইরানের দাবির স্বাধীন ও নির্ভরযোগ্য যাচাইও পাওয়া যায়নি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।