ইসরায়েলের উগ্র-অর্থোডক্স ইহুদিদের রাজনৈতিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) একটি অংশের ধর্মীয় নেতারা বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ইউটিজের অন্তর্ভুক্ত দেগেল হা-তোরাহ অংশের এই সিদ্ধান্তকে আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টায় বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চার দলের জোটকে চূড়ান্ত রূপ দিতে কাজ করছেন তিনি।
এরই মধ্যে অ্যাভিগদর লিবারম্যানের ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের মধ্য-বামপন্থী দল ডেমোক্র্যাটসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আইজেনকোটের দল ইয়াশার। তবে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বিয়াহাদের সঙ্গে এখনো চুক্তি হয়নি। ইউটিজে এবং আরব দল রা’আমকে সঙ্গে নিতে পারলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছেন আইজেনকোট।
তবে সরকার গঠনের পথ এখনো নিশ্চিত নয়। হেরেদি বা অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগসংক্রান্ত আইন নিয়ে মতবিরোধের কারণে বেনেট ইয়াশারের সঙ্গে বৈঠক রোববার পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেনেটের পছন্দ, আইজেনকোট যেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। এতে অতি-অর্থোডক্স দলগুলোকে বাইরে রেখে হেরেদি সম্প্রদায়ের কয়েক দশকের সামরিক বাহিনীতে যোগদানের অব্যাহতি সীমিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
অন্যদিকে নেতানিয়াহুর লিকুদের সঙ্গে কয়েক দফা আলোচনা করলেও আইজেনকোট ইউটিজেকে সরকার গঠনে সমর্থনের বিনিময়ে তোরাহ অধ্যয়নে সক্রিয়ভাবে নিয়োজিত হেরেদি পুরুষদের জন্য সেনাবাহিনীতে নিয়োগের কোটা বাতিলের প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ নতুন সরকার গঠনের আশা করছেন তিনি।
আনুষ্ঠানিক আলোচনায় ধর্মীয় নেতাদের সম্মতি
বৃহস্পতিবার সন্ধ্যায় বনে ব্রাকে দেগেল হা-তোরাহর আধ্যাত্মিক নেতা রাব্বি দোভ ল্যান্ডো ও রাব্বি মোশে হিলেল হির্শের বৈঠকের পর আইজেনকোটের জোটের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর সিদ্ধান্ত আসে।
যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সফর শেষে বৃহস্পতিবার ইসরায়েলে ফেরেন রাব্বি হির্শ। চ্যানেল ১২ জানিয়েছে, ইউটিজেকে লিকুদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন না করতে রাজি করানোর চেষ্টা হিসেবে নেতানিয়াহু বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ইউটিজের সংসদ সদস্য ইয়াকভ আশের, ইৎজাক গোল্ডকনফ, ইৎজাক পিনড্রাস ও মেইর পোরুশ আইনজীবী বোয়াজ বেন তজুরের সঙ্গে বৈঠক করবেন। আইজেনকোটের সঙ্গে আলোচনা শুরুর আগে দলের অবস্থান ও কৌশল ঠিক করতেই এ বৈঠক।
কান সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হেরেদি সেনা নিয়োগসংক্রান্ত এমন একটি আইনের খসড়া তৈরিতে বেন তজুর সহায়তা করেছেন, যা ইসরায়েলের সুপ্রিম কোর্টের আইনি পর্যালোচনায় টিকে থাকতে পারে। ইউটিজের সঙ্গে ইয়াশারের অনানুষ্ঠানিক আলোচনার সময়ও তিনি এ কাজে যুক্ত ছিলেন।
বেন তজুরের সঙ্গে ইউটিজের আগের আলোচনায় দলটির আগুদাত ইসরায়েল অংশের দুই নেতা গোল্ডকনফ ও পোরুশের সম্পৃক্ততা থেকে ধারণা করা হচ্ছে, দেগেল হা-তোরাহর সিদ্ধান্তটি পুরো দলের অবস্থানকেই প্রতিফলিত করছে।
সেনা নিয়োগ আইন নিয়ে প্রাথমিক সমঝোতা
কান সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশার ও ইউটিজে হেরেদি পুরুষদের সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়ে একটি প্রাথমিক কাঠামোতে একমত হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, অতি-অর্থোডক্স সম্প্রদায়ের জন্য সেনাবাহিনীতে নিয়োগের নির্দিষ্ট কোটা বাতিল করা হবে। তবে সামরিক বাহিনীতে যোগদানের অব্যাহতি পাওয়া ইয়েশিভা শিক্ষার্থীরা সত্যিই তোরাহ অধ্যয়নে নিয়োজিত কি না, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি হেরেদি পুরুষদের জন্য সামরিক বাহিনীতে যোগদানের বিকল্প ও বিশেষ সেবার সুযোগ তৈরি করা হবে।
এ ছাড়া যারা তোরাহ অধ্যয়নে নিয়োজিত নন, তাঁদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানাবেন অতি-অর্থোডক্স রাব্বিরা—এমন সমঝোতাও হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনটির খসড়া চূড়ান্ত করতে আগামী সপ্তাহের শুরুতে ইয়াশারের পক্ষে আলোচনায় অংশ নেওয়া আইনজীবী রাজ নিজরির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বেন তজুরের।
ইউটিজের সঙ্গে আলোচনা সফল হলে আগামী সপ্তাহেই আইজেনকোট নতুন সরকার গঠন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনা
এদিকে সৌদি আরবের আল-হাদাথ টেলিভিশন চ্যানেল বৃহস্পতিবার এক ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আইজেনকোট সরকার গঠন করতে পারলে তাঁর সঙ্গে সরাসরি বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউস যোগাযোগ করেছে।
সূত্রটির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহী আইজেনকোট। সেখানে দুই দেশের সম্পর্ক এবং ইরানের হুমকি নিয়ে আলোচনা করতে চান তিনি।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে কাজ করবেন আইজেনকোট। এ লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াহাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। কমিটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ওয়াশিংটনকে সামরিক সহায়তা স্থগিত না করার বিষয়ে রাজি করানোর চেষ্টা করবে বলে সূত্রটি জানিয়েছে।
এ ছাড়া লেবানন ও সিরিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে আইজেনকোটের।
সেনা নিয়োগ আইন নিয়ে বেনেটের আপত্তি
তবে আইজেনকোটের সরকার গঠনের উদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারে বেনেটের আপত্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় হেরেদি সেনা নিয়োগের প্রস্তাবিত কাঠামো নিয়ে মতবিরোধের কারণে ইয়াশারের সঙ্গে বিয়াহাদের আলোচনা পিছিয়ে দেন তিনি।
ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীতে দায়িত্ব পালনকারীদের জন্য কী ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা থাকবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা চেয়েছিলেন বেনেট। কিন্তু আইজেনকোটের আলোচক দল কেবল তাদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেছে; বেনেটের চাওয়া পূর্ণাঙ্গ কাঠামো দেয়নি।
ইউটিজেকে সরকারে আনতে হলে হেরেদি সেনা নিয়োগের প্রশ্নে কিছু ছাড় দিতে হবে—এটি বেনেটও স্বীকার করেন। তবে এ বিষয়ে নিজের মৌলিক দাবিগুলো থেকে সরে আসতে রাজি নন তিনি। এ কারণেই লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চ্যানেল ১৩ জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনের উদ্যোগ চললেও লিকুদের সঙ্গে ঐক্যের সম্ভাবনা খোলা রেখেছেন বেনেট। তাঁর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘নেতানিয়াহু সত্যিই আন্তরিক—এমন ধারণা পেলে সরকার গঠনের আগে আমরা অপেক্ষা করব।’
বেনেটের উপদেষ্টাদের মধ্যেও কোন পথে এগোনো উচিত, তা নিয়ে মতবিরোধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক কৌশলবিদ শালোম শ্লোমো লিকুদের সঙ্গে ঐক্যের সরকার গঠনের পক্ষে। অন্যদিকে বেনেটের চিফ অব স্টাফ নির নোভাক আরব দলগুলোর সমর্থনে আইজেনকোটের সরকার গঠনের পক্ষে বলে দাবি করা হয়েছে। তবে বেনেট এ বিবরণ অস্বীকার করেছেন।
জ্যেষ্ঠ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন নিয়েও অসন্তুষ্ট বেনেট। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছিলেন। কিন্তু আইজেনকোট ওই পদটি লিবারম্যানের ইসরায়েল বেইতেনুকে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাবকে ‘কৌশল’ বলছেন লিবারম্যান
এদিকে বৃহস্পতিবার লিবারম্যান সতর্ক করে বলেছেন, নতুন সরকার গঠনের উদ্যোগ ভণ্ডুল করতে নেতানিয়াহু আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান লিখেছেন, ‘পরিবর্তনের সরকার গড়ে উঠছে। নেতানিয়াহু আইজেনকোটকে এমন একটি ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিতে পারেন, যেখানে নেতানিয়াহু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সবাইকে বুঝতে হবে, এটি কেবল একটি কৌশল।’
লিবারম্যানের অভিযোগ, নেতানিয়াহু নতুন নির্বাচন চান। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যের আলোচনা চালিয়ে যাওয়ার পর তা ভেঙে দেওয়ার অজুহাত খুঁজবেন। এমনকি ঐক্যের সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে সংকট তৈরি করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিতে পারেন তিনি।
সরকার গঠনে রা’আমের শর্ত
অন্যদিকে আরব দল রা’আমের চেয়ারম্যান মানসুর আব্বাস ইঙ্গিত দিয়েছেন, নতুন সরকার গঠনের প্রশ্নে তাঁর দলও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে চায়। এ নিয়ে দলটি ভোটদানে বিরত থাকতে পারে—এমন জল্পনাও রয়েছে।
তবে চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের জোটের দলগুলোকে আব্বাস জানিয়েছেন, রা’আম ভোটদানে বিরত থাকবে—এমনটা ধরে নেওয়া যাবে না।
তাঁর ভাষায়, ‘আমাদের দাবির বিনিময়ে আমরা সরকার গঠনের পক্ষে ভোট দেব, অথবা বিপক্ষে ভোট দেব। আমরা হাত গুটিয়ে বসে থাকব না।’
এর আগে বৃহস্পতিবার আব্বাস বলেছিলেন, পরবর্তী সরকার গঠিত হতে পারে নেতানিয়াহুবিরোধী চারটি ইহুদিবাদী দল—ইয়াশার, বিয়াহাদ, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস—এর পাশাপাশি রা’আম ও ইউটিজেকে নিয়ে। বিকল্প হেডিং
গাজা থেকে আরও ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরানোর হুমকি ইসরায়েলের
এআইয়ের ভয়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা
ট্রাম্পের শুল্ক আগ্রাসন: বিশ্বশক্তির কেন্দ্র একসময় চীনের দিকে সরে যেতে পারে
মরণোত্তর সম্মাননা পেলেন গাজার সাংবাদিক মারিয়াম আবু দাগা