৫ মাসে ৩৭ ট্রিলিয়ন তোমানের রাষ্ট্রীয় সম্পদ নগদায়ন করেছে ইরান

গত পাঁচ মাসে ৩৭ ট্রিলিয়ন তোমান মূল্যের রাষ্ট্রীয় সম্পদ নগদায়ন করেছে ইরান। একই সঙ্গে প্রায় ১০ ট্রিলিয়ন তোমান মূলধনের একটি নতুন আবাসন ও স্থাবর সম্পদ তহবিল চালুর উদ্যোগ নিয়েছে দেশটি। জাতীয় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য সরকারের সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমে গতি আনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দেশের বিভিন্ন প্রদেশের বেসামরিক বিষয়ক উপ-গভর্নরদের সঙ্গে এক বিশেষ বৈঠকে নতুন কৌশল তুলে ধরেন রাষ্ট্রীয় সম্পদ নগদায়ন সংস্থার প্রধান এহসান আসকারি। সম্প্রতি সংস্থাটির নাম পরিবর্তন করা হয়েছে।

আসকারি জানান, আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ১০ ট্রিলিয়ন তোমান মূলধনের প্রথম সরকারি সম্পদভিত্তিক তহবিল চালু করা হবে। সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয় ও অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে এ তহবিলের মূলধন সংগ্রহ করা হবে।

রাষ্ট্রীয় সম্পদ নগদায়নের প্রক্রিয়া সহজ করতে সরকারি সংস্থাগুলোর জন্য তিন ধরনের পদ্ধতি নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রথম পদ্ধতিতে রয়েছে দীর্ঘমেয়াদি ইজারা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), বেসরকারি খাতের সঙ্গে যৌথ বিনিয়োগ এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সম্পদের ব্যবহার ও আয় নিশ্চিত করা।

দ্বিতীয় পদ্ধতিতে রাখা হয়েছে আধুনিক আর্থিক উপকরণ। এর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট ফান্ড, প্রকল্প তহবিল, প্রকল্পভিত্তিক কোম্পানি এবং প্রতিশ্রুতিপত্র বা প্রমিসরি নোট।

সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তনের কথাও তুলে ধরেন আসকারি। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর অনেকেরই নিজস্ব সম্পদের অর্থনৈতিক মূল্য বাড়ানো ও সেগুলো কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞান ও সক্ষমতা নেই। এ কারণে নতুন অর্থায়ন ব্যবস্থায় বেসরকারি খাতের বিশেষায়িত দক্ষতা ও বাস্তবায়ন সক্ষমতা কাজে লাগাতে ‘সহায়তাকারী’ ভূমিকার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রদেশের হাতে সিদ্ধান্তের ক্ষমতা

সম্পদ নগদায়ন কার্যক্রমে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন হিসেবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদেশ পর্যায়ে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আসকারি জানান, এ বিষয়ে একটি মন্ত্রিসভা প্রস্তাব আগামী সপ্তাহে অনুমোদনের জন্য তোলা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে প্রাদেশিক কর্তৃপক্ষ নির্ধারিত মধ্যম লেনদেনসীমার ৫০ গুণ পর্যন্ত মূল্যের সম্পদ লেনদেন পর্যালোচনা ও অনুমোদনের ক্ষমতা পাবে।

এ উদ্যোগে প্রদেশগুলোর সক্রিয় অংশগ্রহণের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইসফাহান প্রদেশে সম্প্রতি ১২০ ট্রিলিয়ন তোমান মূল্যের উদ্বৃত্ত সরকারি সম্পদ চিহ্নিত করা হয়েছে।

এ পদ্ধতিতে অর্থায়ন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে বি১ সেতু নির্মাণ প্রকল্প। এ ছাড়া রাজাই শহর কারাগার কমপ্লেক্সের সম্পদ নগদায়নের কথাও উল্লেখ করেন আসকারি।