ইরান এখন পরাশক্তির পথে: উপপ্রতিরক্ষামন্ত্রী

রমজান যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা আগের তুলনায় বেড়েছে বলে দাবি করেছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক। তাঁর মতে, যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ইরান বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার তেহরানে দেওয়া বক্তব্যে তালায়ি-নিক বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষ গুরুতর ভুল হিসাব করেছিল। তাদের ধারণা ছিল, যুদ্ধের শুরুতেই ইরানের প্রতিরক্ষা শিল্প, সামরিক বাহিনী, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে দেশটি সেই পরিস্থিতি মোকাবিলা করে সক্ষমতা আরও বাড়িয়েছে।

তিনি বলেন, ইসলামি আইনজ্ঞের অভিভাবকত্বের নীতি, সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং বৈজ্ঞানিক অগ্রগতির ওপর নির্ভর করে ইরানি জাতি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

এর আগে গত আগস্টে তালায়ি-নিক জানিয়েছিলেন, ৪০ দিনের রমজান যুদ্ধের পর ইরানের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্প আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অস্ত্র, প্রযুক্তি, কৌশল ও সামরিক সক্ষমতা উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। 

ইরানের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের ভূমিকা তুলে ধরে উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় শক্তি ও প্রতিরোধ সক্ষমতা বাড়াতে এই বাহিনীকে আরও কার্যকর করে তুলতে হবে। ইসলামি বিপ্লবের নেতার সাম্প্রতিক বার্তায় বাসিজের রূপান্তর ও পুনর্জাগরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তালায়ি-নিকের ভাষ্য, আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধ, ১২ দিনের যুদ্ধ, রমজান যুদ্ধ এবং সর্বশেষ অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ করার মতো বিভিন্ন পরিস্থিতিতে বাসিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবী বাহিনীকে জাতীয় প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।

সূত্র: ইরনা