ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার রাত থেকে শনিবার (২৮ নভেম্বর) ভোর পর্যন্ত এক রাতেই ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। এসব ড্রোনের মধ্যে চার শতাধিকের লক্ষ্য ছিল রাজধানী মস্কো। তবে রাশিয়ার দেওয়া এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির এক ডজনের বেশি অঞ্চলে এসব ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় ড্রোনগুলোকে নির্দিষ্ট পাখার বা ফিক্সড-উইং চালকবিহীন উড়োজাহাজ হিসেবে উল্লেখ করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৪৬০টির বেশি ড্রোন রাজধানী অঞ্চল লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১২৩টি মস্কো শহরের কাছাকাছি ধ্বংস করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
এদিকে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের একটি ড্রোন ক্লিমোভো গ্রামের একটি বাসে আঘাত হানে। এতে আহত হয়েছেন অন্তত নয়জন। অন্যদিকে সামারা অঞ্চলের গভর্নর বলেছেন, শিল্পকারখানায় হামলার আরেকটি চেষ্টা চালিয়েছিল ইউক্রেন। তবে সেখানে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাশিয়ার ড্রোন হামলার পাল্টা চিত্রও তুলে ধরেছে ইউক্রেন। দেশটির জাপোরিঝঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চল লক্ষ্য করে ৭০০টির বেশি রুশ ড্রোন ছোড়া হয়েছে। এসব হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা। তবে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হতাহতের তথ্যের বিষয়ে মস্কোর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুদ্ধের প্রায় পাঁচ বছর পূর্ণ হওয়ার পথে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন হামলার তীব্রতা আরও বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশই একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত বন্ধের চেষ্টা চললেও এখন পর্যন্ত বন্দি বিনিময়ের মতো কিছু উদ্যোগ ছাড়া বড় কোনো সমঝোতা হয়নি।
সূত্র: এএফপি