রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনে এক নারী ব্যবসায়ীর বিচার শুরু হয়েছে। ৫৭ বছর বয়সী ওই নারী জার্মানি ও ইউক্রেনের দ্বৈত নাগরিক। তাঁর বিরুদ্ধে জার্মানির প্রতিরক্ষা খাত, সামরিক কর্মকাণ্ড এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহসংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাশিয়ার কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্লিনের উচ্চ আদালতে (কামারগেরিখট) মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অভিযুক্তের শারীরিক অসুস্থতার কারণে শুনানি শুরুর সময় প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায়। জরুরি চিকিৎসাকর্মীরাও তাঁকে চিকিৎসা দেন। খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে (ডিডব্লিউ) ও এএফপি।
জার্মানির ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, অভিযুক্ত নারী ইলোনা ডব্লিউ অন্তত ২০২৩ সালের অক্টোবর থেকে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর (GRU) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মরত ওই কর্মকর্তাকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক অনুষ্ঠানের তথ্য সরবরাহ করতেন। এমনকি কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দিতেন বলেও অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বাহিনী ও অস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করেছিলেন অভিযুক্ত। তাঁর মাধ্যমে রুশ গোয়েন্দা কর্মকর্তা নিজস্ব তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন বলেও দাবি প্রসিকিউটরদের।
অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে বার্লিনে বসবাস করছিলেন। তিনি একটি বিপণন প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে কাজ করা একটি সংগঠনের নেতৃত্বে ছিলেন। এসব কর্মকাণ্ডের সুবাদে জার্মানির রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক মহলে তাঁর বিস্তৃত যোগাযোগ তৈরি হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।
চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জার্মানি রুশ দূতাবাসের সংশ্লিষ্ট সন্দেহভাজন গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়াও একজন জার্মান কূটনীতিককে বহিষ্কার করে। ফলে ঘটনাটি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তোলে।
তবে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ এ অভিযোগ অস্বীকার করেছেন। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অভিযুক্ত নারীর সঙ্গে রুশ দূতাবাসের কোনো সম্পর্ক নেই। কোনো অনুষ্ঠানে পরিচয় বা দেখা হওয়া মানেই গোয়েন্দা সংশ্লিষ্টতা নয় বলেও দাবি করেন তিনি।
আদালতে এখন অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ ও সংশ্লিষ্ট প্রমাণ যাচাই করা হবে। মামলার বিচার কার্যক্রম ২০২৭ সালের মে মাস পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হুমকিতে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
সেনকাকু দ্বীপ ঘিরে ফের মুখোমুখি বেইজিং-টোকিও
ক্ষেপণাস্ত্র উৎপাদন থামেনি, যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ইরান: আইআরজিসি