ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি স্কুলে হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড ইরানের মানুষ কখনো ভুলবে না। মানবাধিকার রক্ষার দাবি করা দেশগুলোর দ্বিচারিতাও এই ঘটনা সামনে এনেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এসব কথা বলেন।
তিনি লেখেন, ‘একজন বাবার জন্য সবচেয়ে বড় যন্ত্রণা হলো সেই সন্তানকে কবরে শুইয়ে দেওয়া, যাকে এখনো কোলে নিয়ে আদর করার কথা ছিল।
পেজেশকিয়ান আরও বলেন, মিনাবের ১৬৮ শিশুর মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র সরকার ও ইসরায়েলি শাসকগোষ্ঠী দায়ী। এই নৃশংসতা কখনো বিস্মৃত হবে না। মানবাধিকারের পক্ষে কথা বলা ব্যক্তিদের ভণ্ডামিও এ ঘটনা উন্মোচন করেছে।
ইরানের সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর দিন মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়। এতে ১৬৮ জন নিহত হন, যাদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী। নিহতদের মধ্যে শিক্ষক ও বিদ্যালয়ের কর্মীরাও ছিলেন।
হামলার শিকার বিদ্যালয়টির নাম ‘শাজারেহ তাইয়্যেবেহ’। ছয় থেকে ১৩ বছর বয়সী শিশুদের এই বিদ্যালয়টি হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত। বিদ্যালয়টির কাছেই ছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি নৌঘাঁটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণে বিদ্যালয় এবং পাশের সামরিক স্থাপনায় একাধিক হামলার চিহ্ন পাওয়া যায়। তবে হামলায় কারা সরাসরি জড়িত ছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।
অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ পৃথক অনুসন্ধানে বিদ্যালয়টিতে হামলার বিষয়ে উদ্বেগ জানায়। তাদের পর্যবেক্ষণে, বিদ্যালয়টি সামরিক স্থাপনার কাছাকাছি হলেও আলাদা দেয়াল ও প্রবেশপথ দিয়ে পৃথক করা ছিল। হামলার ঘটনাটি সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
জাতিসংঘের তদন্তেও বিদ্যালয়টিতে সরাসরি হামলার বিষয়টি উঠে এসেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য বিশ্লেষণে বিদ্যালয়টি একটি সচল শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। হামলার সময় বিদ্যালয়টি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল—এমন কোনো তথ্যও তদন্তকারীরা পাননি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত ও জবাবদিহির দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের কথা জানানো হয়েছিল। তবে হামলার দায় নিয়ে দুই পক্ষের বক্তব্য ও স্বাধীন অনুসন্ধানের তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।
সূত্র: ইরনা