হরমুজে শত্রুদের প্রবেশ নিষিদ্ধ, মার্কিন অবরোধ ভাঙার ছক ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ বজায় রাখতে নতুন পরিকল্পনা তৈরি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর নৌবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান ফারহাদ ফাত্তাহি বলেছেন, মার্কিন নৌবাহিনীর সঙ্গে সরাসরি সমানে-সমান সংঘাতে না জড়িয়েও অবরোধ তুলে নিতে বাধ্য করার মতো সামরিক ও কৌশলগত সক্ষমতা ইরানের রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তাঁর দাবি, শত্রুপক্ষের জন্য হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নির্দেশনা অনুযায়ী, কৌশলগত এই জলপথের পশ্চিম অংশের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে আইআরজিসি নৌবাহিনীকে। অন্যদিকে পূর্ব অংশে নজরদারি, নিয়ন্ত্রণ ও সহায়তার দায়িত্ব পালন করছে নিয়মিত নৌবাহিনী।

ফাত্তাহি জানান, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরেও ইরানের নৌবাহিনীর কার্যক্রম বিস্তৃত। জাস্কের কাছাকাছি এলাকা থেকে পূর্ব দিকে তাদের দায়িত্বের পরিধি ছড়িয়ে রয়েছে। এসব অঞ্চলে মোতায়েন ইউনিটগুলো দেশের সামুদ্রিক সীমান্ত রক্ষায় পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মার্কিন নৌবহরের মোকাবিলা এবং নৌ অবরোধ ভাঙার সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে ফাত্তাহি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সংখ্যা ও সামরিক সরঞ্জামের বিষয়টি বিবেচনায় নিয়ে ইরান এখন তাদের সঙ্গে সমমর্যাদার সরাসরি সামরিক সংঘাতে জড়াচ্ছে না। তবে এর অর্থ এই নয় যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা নেই।

তিনি বলেন, নৌ অবরোধ ভাঙতে দুই দেশের যুদ্ধজাহাজের মধ্যে সরাসরি সংঘর্ষ কিংবা গোলাগুলি বিনিময় অপরিহার্য নয়। এমন বিভিন্ন সামরিক ও কৌশলগত পদক্ষেপ রয়েছে, যার মাধ্যমে শেষ পর্যন্ত অবরোধ তুলে নিতে প্রতিপক্ষকে বাধ্য করা সম্ভব।

তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই নৌ কর্মকর্তা।

সাম্প্রতিক সংঘাতের শুরুর দিকে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেন ফাত্তাহি। তাঁর ভাষ্য, যুদ্ধের প্রথম দিকেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তবে এ দাবির সঙ্গে যুক্তরাষ্ট্রের বক্তব্যের অমিল রয়েছে। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের হামলায় আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, রণতরিটি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শেষে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। 

ইরানের নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দর থেকে বেরিয়ে মার্কিন অবরোধ অতিক্রমের চেষ্টা করায় পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি প্যাসিফিক আর্চার অচল করে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, ওমান উপসাগরে জাহাজটির পেছনের অংশে সামরিক বিমান থেকে নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটির চলাচলের ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। তবে বেসামরিক নাবিকেরা অক্ষত ছিলেন।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল থাকতে দেওয়া হবে না। অবরোধ ভাঙতে ইরান বিভিন্ন পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করে। চলতি মাসে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের চলাচল সীমিত করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণাও দেয় ওয়াশিংটন। 

সব মিলিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইরানের বন্দর অবরোধ এবং সমুদ্রপথে বাণিজ্য সচল রাখার প্রশ্নে দুই দেশের অবস্থান আরও সংঘাতপূর্ণ হয়ে উঠছে। ইরান বলছে, শত্রুদের জন্য কৌশলগত এই জলপথ বন্ধ থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর থেকে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে সামরিক পদক্ষেপ অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: মেহের নিউজ