ইরানের সীমান্তে ঢোকার সাহস পাবে না শত্রু: সেনা কর্মকর্তা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা প্রতিপক্ষের নেই বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি। তিনি বলেছেন, যেকোনো ধরনের স্থল হামলা মোকাবিলা এবং দেশের সীমান্ত সুরক্ষায় ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) তেহরানে ১৯তম ‘হজরত আলী আকবর (আ.) ইয়ং সোলজার’ উৎসবের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে।

নেমাতি বলেন, স্থলযুদ্ধের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তি সম্পর্কে শত্রুপক্ষ ভালোভাবেই জানে। যুদ্ধ শুরুর আগেই সেনাবাহিনীর স্থলবাহিনী দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থান নিয়েছিল। একই সঙ্গে স্থলসীমান্ত রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন সংঘাত ও সামরিক পরিস্থিতিতে সেনাবাহিনীর স্থলবাহিনী অন্য সশস্ত্র বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেছে।

সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের ভূমিকার কথাও তুলে ধরেন নেমাতি। তাঁর দাবি, ১২ দিনের যুদ্ধের শুরু থেকেই এসব ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং এখনো তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, স্থলবাহিনীর এসব ইউনিট দেশের প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় তাদের কার্যক্রম ও প্রস্তুতি অব্যাহত রয়েছে।

ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ও প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন এই সেনা কর্মকর্তা।

ইরানের সীমান্ত পরিস্থিতি তুলে ধরে নেমাতি বলেন, দেশটির সঙ্গে ১৪ থেকে ১৫টি দেশের সীমান্ত রয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে অস্থিতিশীলতা ও নিরাপত্তা সংকট থাকলেও ইরানের সীমান্তে নিরাপত্তা বজায় রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, সীমান্ত সুরক্ষায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সেনাবাহিনীর স্থলবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা সংস্থা দায়িত্ব পালন করছে। পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তে এসব বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

নেমাতির মতে, শত্রুপক্ষের হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতির পাশাপাশি জনগণের সমর্থনও গুরুত্বপূর্ণ। জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত অবস্থানই দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করেছে।

ইরানের এই সেনা কর্মকর্তা আরও দাবি করেন, জনগণের সমর্থন এবং সামরিক বাহিনীর প্রস্তুতির কারণে প্রতিপক্ষ এখন পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।

সূত্র: মেহের নিউজ 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত