ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর নৌবাহিনীর প্রধান হাতামি। শনিবার (২৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
হাতামি বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায়, ইরানের জনগণের সমর্থন এবং ইমাম খামেনির নেতৃত্ব ও নির্দেশনায় ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’
তিনি বলেন, ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির ওপর যেকোনো হামলাকারী শত্রুর মোকাবিলায় নৌবাহিনী প্রস্তুত রয়েছে।
হাতামির দাবি, দেশের নিজস্ব সক্ষমতা ইরানকে শত্রুপক্ষের তৎপরতার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সুযোগ করে দিয়েছে। গত নয় মাস ধরে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে নৌবাহিনীর সুরক্ষাধীন এলাকার কাছাকাছি আসতে শত্রুপক্ষকে নিবৃত্ত রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালি ও ওমান সাগরে শত্রুপক্ষের ‘দুর্বলতা ও হতাশা’ প্রকাশ করেছে। সমুদ্রপথে শত্রুপক্ষ বারবার পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কৌশলগত এই প্রণালি বন্ধ রাখার অভিযানে অংশ নেওয়া ইরানের নৌসেনাদের প্রশংসা করেন হাতামি। তিনি বলেন, ইরানের সামুদ্রিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে নৌবাহিনী এবং আগ্রাসনকারীদের ‘কঠোর শাস্তি’ দেওয়া হবে।
সংঘাতে নিহত ইরানি সেনাসদস্যদের, বিশেষ করে দেনা ও জামারান জাহাজে থাকা সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া পর্যন্ত নৌবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি