মার্কিন তেল পাচারের চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে: বিশ্লেষক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

পারস্য উপসাগর থেকে তেল পাচারের মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের নৌবাহিনীর হাতেই রয়েছে বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার সৈয়দ মোহসিন আব্বাস। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা লঙ্ঘনের কোনো চেষ্টা তেহরান মেনে নেবে না।

রোববার (২৯ নভেম্বর) প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস বলেন, ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে কয়েকটি তেলবাহী জাহাজ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে চলাচলের চেষ্টা করেছে। তাঁর মতে, গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রচেষ্টার অংশ এসব তৎপরতা।

আব্বাসের বক্তব্য, নিজ ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা এবং সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে। চলমান সংঘাতের মধ্যে দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অস্ত্র বা সরঞ্জাম পরিবহনের সুযোগও তেহরান দেবে না। ইরানের সার্বভৌমত্বের ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও সতর্ক করেন, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ব্যাহত হতে পারে। একই সঙ্গে সামুদ্রিক বীমার ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

আব্বাসের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা ও সামুদ্রিক বিধিনিষেধ ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারেনি। বিকল্প পথ ব্যবহারের মাধ্যমে তেহরান এসব চাপ মোকাবিলা করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের জবাবে ইরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “অবরোধের জবাবে অবরোধ, অবরুদ্ধ করার জবাবে অবরুদ্ধ করা আর কোনো ছাড় নয়।”

তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, তেলবাহী জাহাজের কথিত অননুমোদিত চলাচল এবং মার্কিন তেল পাচারের অভিযোগ এসব বিষয়ে আব্বাসের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত