পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে সামরিক উপস্থিতি সরিয়ে নিতে হর্ন অব আফ্রিকা ও কেনিয়ায় নতুন ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন—এমন অভিযোগ করেছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।
রোববার (২৯ নভেম্বর) ‘দশ দিনব্যাপী সচেতনতা ও প্রতিরোধ’ কর্মসূচির কেন্দ্রীয় সদর দপ্তরের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, মোহেব্বির দাবি, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে এবং অন্য কয়েকটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র এখন দূরবর্তী অঞ্চলে সামরিক স্থাপনা গড়ে তোলার চেষ্টা করছে।
মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র এখন হর্ন অব আফ্রিকায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে এবং কেনিয়াতেও একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। কারণ, ওয়াশিংটন বুঝতে পেরেছে পশ্চিম এশিয়ায় তাদের সামরিক স্থাপনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। ফলে এসব ঘাঁটি ব্যবহার করা আগের মতো নিরাপদ নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইরানের প্রতিরোধ সক্ষমতা বাড়ানো জরুরি। ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নিরুৎসাহিত করতে এই সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যুক্তরাষ্ট্রের কেনিয়ায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া ঘাঁটি নির্মাণের দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতার ইতিহাস তুলে ধরে মোহেব্বি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ওয়াশিংটনের শত্রুতা শুরু হয়নি। বরং ১৯৫৩ সালের আগস্টে ইরানের তৎকালীন বৈধ সরকারের বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থানের সময় থেকেই দুই দেশের বিরোধের সূচনা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরানের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক অবস্থান নিয়ে আসছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ, চাপ প্রয়োগ এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টার মধ্য দিয়ে সেই বৈরিতা প্রকাশ পেয়েছে।
ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রসঙ্গ টেনে আইআরজিসির মুখপাত্র বলেন, ৩০ ডিসেম্বরের বার্ষিকীকে ঘিরে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে বিদেশি হস্তক্ষেপ ও শত্রুপক্ষের অনুপ্রবেশের যোগসূত্র রয়েছে। তাঁর অভিযোগ, এসব তৎপরতার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল।
৮ ও ৯ জানুয়ারির সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শত্রুপক্ষ এসব ঘটনাকে সাধারণ গণবিক্ষোভ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। কিন্তু সময়ের সঙ্গে এসব ঘটনায় বিদেশি শক্তির সম্পৃক্ততা আরও স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় ১২ জানুয়ারি রাস্তায় নেমে আসা ইরানিদের প্রশংসা করেন মোহেব্বি। তাঁর ভাষায়, জনগণ শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। তাঁদের অংশগ্রহণ ইরানের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন তৈরি করেছে।
মোহেব্বি জানান, ৩০ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সময়কে ‘দশ দিনব্যাপী সচেতনতা ও প্রতিরোধ’ কর্মসূচির আওতায় পালন করা হবে। এ আয়োজন পরিচালনার জন্য ১০টি কর্মদল গঠন করা হয়েছে। এসব দল জনসচেতনতামূলক প্রচারাভিযানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি সমন্বয় করবে।
তিনি বলেন, জনগণকে সচেতন ও সংগঠিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বিশ্বাস, জনসম্পৃক্ততা ও জাতীয় ঐক্যের মাধ্যমে ইরানের জনগণ ভবিষ্যতেও শত্রুপক্ষের পরিকল্পনা প্রতিহত করতে সক্ষম হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে মোহেব্বি দাবি করেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ওয়াশিংটন যুদ্ধের অবসান ঘটিয়েছে এবং সমঝোতার পথে এসেছে।
তিনি বলেন, শত্রুপক্ষের পিছু হটে যাওয়াই তাদের ব্যর্থতার প্রমাণ। সামরিক শক্তি প্রয়োগ করে লক্ষ্য অর্জন সম্ভব হলে যুক্তরাষ্ট্র সংঘাত অব্যাহত রাখত। কিন্তু পরিস্থিতি তাদের সেই সুযোগ দেয়নি বলে দাবি করেন তিনি।
তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা বিভিন্ন ষড়যন্ত্র, চক্রান্ত এবং নিজেদের নিয়ন্ত্রণাধীন গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে একই ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করেন আইআরজিসির এই মুখপাত্র। এ কারণে জনগণকে সব সময় সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল