ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজরেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় আন্তর্জাতিক আইনের একাধিক বিধান লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত ও আহতদের পরিবারের আইনজীবী মাহমুদ রাশনাভাজ। তার দাবি, হামলার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের পাশাপাশি জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রটোকলে থাকা বেসামরিক নাগরিকদের সুরক্ষাসংক্রান্ত নীতিও ভঙ্গ করা হয়েছে।
রোববার ইরানের সংবাদ সংস্থা মিজান অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন রাশনাভাজ। এর আগে তেহরানের আন্তর্জাতিক আদালতের ৫৫ নম্বর শাখায় মিনাবের স্কুলে হামলার ঘটনা নিয়ে বিশেষজ্ঞদের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক হোসেইনজাদেহর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ও বিকেলে দুই দফায় শুনানি হয়। এতে আন্তর্জাতিক আইনজীবী, সাক্ষী, প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা অংশ নেন। শুনানিতে সংশ্লিষ্ট নথি ও প্রমাণও পর্যালোচনা করা হয়।
রাশনাভাজ জানান, শাজরেহ তাইয়্যেবেহ স্কুলে হামলার ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে পর্যালোচনা করতে বিচার বিভাগের কেন্দ্রীয় আইনজীবী সমিতি ও সংশ্লিষ্ট আইনজীবীরা কয়েক মাস ধরে কাজ করেছেন। ওই হামলায় ১৬৮ শিশু, শিক্ষক ও অন্য ব্যক্তির প্রাণহানির ঘটনায় মামলাটি করা হয়েছে।
তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যরা শুনানিতে উপস্থিত হয়ে তাঁদের সন্তানদের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। হামলার দিন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী, যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি এবং পৌরসভার জরুরি সেবা, সরবরাহ ও ধ্বংসস্তূপ অপসারণে নিয়োজিত কর্মীরাও তাঁদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
মিনাবের হামলার ভয়াবহতা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম লে মঁদ ভিডিও, ছবি ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত করেছে, হামলার শিকার স্থাপনাটি একটি স্কুল ছিল এবং সেখানে শিশুদের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) স্যাটেলাইট চিত্র, ভিডিও ও ছবিসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হামলার তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। তবে সংস্থাটি ইরানি কর্তৃপক্ষের দেওয়া ১৬৮ জন নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
আইনজীবী রাশনাভাজের অভিযোগ, হামলায় আন্তর্জাতিক আইন, বিভিন্ন চুক্তি ও কনভেনশন, আন্তর্জাতিক প্রথাগত আইন এবং বাধ্যতামূলক আইনি নীতিমালা লঙ্ঘিত হয়েছে। বিশেষ করে সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক মানুষের মধ্যে পার্থক্য করা, হামলার ক্ষেত্রে আনুপাতিকতা বজায় রাখা এবং বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিধান মানা হয়নি।
মিনাবের স্কুলে হামলার পাশাপাশি দক্ষিণ ইরানের আরও কয়েকটি স্থানে বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও তুলে ধরেন তিনি। এর মধ্যে ফার্স প্রদেশের লামের্দে একটি ক্রীড়া স্থাপনায় হামলার কথা উল্লেখ করেন। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় ২১ তরুণ নিহত এবং প্রায় ১৩০ জন আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের একটি নথিতেও ওই দিন লামের্দের একটি ক্রীড়া স্থাপনায় বিমান হামলার কথা উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, স্থাপনাটি পাশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থাপনা থেকে পৃথক ছিল এবং হামলার সময় সেটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল—এমন তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ১ সেপ্টেম্বর রাতে হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনাও উল্লেখ করেন রাশনাভাজ। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন বলে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে বর-কনের আগমনের অপেক্ষায় বাড়ি ও উঠানে নারী ও শিশুরা জড়ো হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের হামলার সময় ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘটনাটি তদন্তের কথা জানিয়েছিলেন; তবে মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না বলেও দাবি করেন।
রাশনাভাজ আশা প্রকাশ করেন, আদালতের রায় নিহতদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচারব্যবস্থার এখতিয়ারসংক্রান্ত আইনের আওতায় দেওয়া ওই রায় আন্তর্জাতিক পর্যায়েও উদ্ধৃত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকারের শেষাংশে আইনজীবী বলেন, আন্তর্জাতিক আইনের বিবেচনায় মিনাবের স্কুলসহ বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় মার্কিন ও ইসরায়েলি পক্ষের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্য, এসব হামলায় নিরপরাধ শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল