ইয়েমেনের রাস ঈসা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের পর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী। সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ সব বন্দরে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়ে বন্দরকর্মী, শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে এসব বন্দর থেকে তাদের জাহাজ সরিয়ে নিতে বলা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, রাস ঈসা বন্দরে সৌদি আরবের হামলার জবাবে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলে সৌদি আরবের সব বন্দর তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হবে। এসব স্থাপনায় কর্মরত ব্যক্তিদের অবিলম্বে সরে যাওয়ার পাশাপাশি বন্দরগুলো থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক নৌপরিবহন কোম্পানিগুলোকেও জাহাজ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে অবস্থিত রাস ঈসা দেশটির হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোর জন্য জ্বালানি আমদানির অন্যতম প্রধান প্রবেশপথ। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বন্দরটির আশপাশের বেসামরিক লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পর হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশন বন্দরে সৌদি হামলার খবর প্রচার করে। তবে জোটের পক্ষ থেকে রাস ঈসায় হামলার বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি। পরে জোট হুথিদের হামলার জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।
এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছিল, সৌদি আরবের জেদ্দা ও জিজান বন্দরে দুটি সামরিক অভিযান চালিয়েছে তারা। ইয়েমেনি বাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানটি জেদ্দা বন্দরে এবং দ্বিতীয়টি জিজান বন্দরে চালানো হয়। উভয় অভিযানেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হয়েছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এসব অভিযানকে ‘বন্দরের বদলে বন্দর’ নীতির বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেছে। তাদের হুঁশিয়ারি, হুদায়দা বন্দরে নতুন করে হামলা চালানো হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত করা হবে। একই সঙ্গে ‘অবরোধের বদলে অবরোধ’ এবং ‘উত্তেজনার বদলে উত্তেজনা’ নীতি অনুসরণ করে সৌদি ভূখণ্ডের গভীরে সামরিক অভিযান চালানোর কথাও জানিয়েছে বাহিনীটি।
ইয়েমেনের এই হুমকিতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্রের (জেএমআইসি) ২৬ নভেম্বরের পরামর্শমূলক প্রতিবেদনে বলা হয়েছে, জিজান বন্দরে হামলার পর সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে হামলার আশঙ্কাও রয়েছে। জেদ্দা, ইয়ানবু ও অন্যান্য সৌদি বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালি ও দক্ষিণ লোহিত সাগর এলাকায় নিরাপত্তাঝুঁকি উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। তবে ওই সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন কোনো নিশ্চিত হামলা বা বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
২০১৫ সালের মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে শুরু হওয়া ওই সামরিক অভিযান দীর্ঘদিন ধরে চলে। এর পাশাপাশি ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করা হয়। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অবরোধে দেশটির অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। তবে ২০২৬ সালের জুলাই থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত আবার বাড়তে শুরু করে। হুথিদের সৌদি ভূখণ্ডে হামলা এবং সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা বিমান হামলায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
সাম্প্রতিক উত্তেজনায় উভয় পক্ষই সামরিক স্থাপনার পাশাপাশি বন্দর, জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছে। এতে শুধু ইয়েমেন ও সৌদি আরব নয়, আন্তর্জাতিক বাণিজ্য এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এএফপি