যৌন কেলেঙ্কারি, হত্যা ও ইসরায়েলি প্রযুক্তি

আমিরাতের শাসককে নিয়ে ৫ চাঞ্চল্যকর দাবি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠতা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাঁদের কথিত গোপন তৎপরতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ম্যাথিউ কোলের সদ্য প্রকাশিত একটি বইয়ে আমিরাতের রাজপরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, ব্ল্যাকমেইল, গোপন অর্থায়ন, ইসরায়েলের সঙ্গে সামরিক যোগাযোগ এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে।

‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মেদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’ শিরোনামের বইটি ২৭ অক্টোবর প্রকাশিত হয়। এতে ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনারের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সম্পর্কের নানা দিক অনুসন্ধান করেছেন কোল। তাঁর বর্ণনায়, এই সম্পর্ক কেবল কূটনৈতিক যোগাযোগে সীমাবদ্ধ ছিল না; মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ বদলে দেওয়ার পরিকল্পনাতেও তাঁদের স্বার্থ জড়িয়ে ছিল।

বইটি ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে কুশনারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কথিত আর্থিক লেনদেন নিয়ে। কোলের দাবি, সৌদি আরব ও আমিরাতের শীর্ষ নেতৃত্ব কুশনারের ব্যবহারের জন্য বিভিন্ন ব্যাংক হিসাবে অন্তত ২০০ কোটি ডলার রাখার ব্যবস্থা করেছিল। এর মধ্যে প্রায় ৭৫ কোটি ডলার আবুধাবির ফার্স্ট আবুধাবি ব্যাংকে থাকা একটি হিসাবে জমা হয়েছিল। হিসাবটি ‘ওয়াতানি আল ইমারাত ফাউন্ডেশন’ নামের একটি আমিরাতি দাতব্য সংস্থার নামে পরিচালিত হলেও কুশনারের সেখানে অর্থ ব্যবহারের অনুমতি ছিল বলে দাবি করেছেন লেখক।

কোলের ভাষ্য, ওই অর্থ কেবল জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য রাখা হয়নি; বরং বিদেশে সামরিক ও গোয়েন্দা তৎপরতা এবং অস্ত্র কেনাকাটার অর্থায়নেও সংস্থাটিকে আড়াল হিসেবে ব্যবহার করা হয়েছিল। বইয়ে আরও দাবি করা হয়েছে, অর্থের একটি অংশ লিবিয়ার সামরিক কমান্ডার খলিফা হাফতার ও সাবেক ব্ল্যাকওয়াটারপ্রধান এরিক প্রিন্সের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। তবে এসব লেনদেনের অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের ক্ষমতায় ওঠার পথ নিয়েও বইয়ে চাঞ্চল্যকর বর্ণনা রয়েছে। কোলের দাবি, ১৯৯০-এর দশকে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে বিরোধের সময় তিনি তাঁর ভাই ও পরবর্তী সময়ে আমিরাতের প্রেসিডেন্ট হওয়া খলিফা বিন জায়েদের একটি ব্যক্তিগত ভিডিও ধারণের উদ্যোগ নিয়েছিলেন।

বইয়ে বলা হয়েছে, দক্ষিণ ইউরোপের একটি হোটেলে দুই সিরীয় ব্যক্তির মাধ্যমে ওই ভিডিও ধারণ করা হয়। পরে রুশ মধ্যস্থতাকারীদের সহযোগিতায় সেটি তাঁদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতানের কাছে পাঠানো হয়েছিল। লেখকের দাবি, ভাইকে বিব্রত করা এবং ভবিষ্যতে তাঁর ওপর চাপ তৈরিই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। পরিবারের ভেতরে ক্ষমতার লড়াইয়ে এ ঘটনাকে মোহাম্মদ বিন জায়েদের উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক প্রকাশ হিসেবে দেখেছেন কোল।

খলিফা বিন জায়েদের শারীরিক অসুস্থতা এবং ক্ষমতা থেকে ক্রমে সরে যাওয়ার বিষয়টিও বইয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। প্রচলিত বর্ণনা অনুযায়ী, ২০১৪ সালে স্ট্রোকের পর তাঁর শারীরিক সক্ষমতা কমে যায়। কিন্তু কোলের দাবি, তারও আগে থেকেই খলিফার শারীরিক ও মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল।

লেখকের অভিযোগ, ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপযুবরাজ হওয়ার পর ভাইকে এমন চিকিৎসার আওতায় আনেন, যার ফলে তিনি দীর্ঘ সময় প্রায় অচেতন অবস্থায় থাকতেন এবং স্বাভাবিক দায়িত্ব পালনের সক্ষমতা হারান। এ চিকিৎসায় এক মার্কিন নার্সের সহায়তা নেওয়া হয়েছিল বলেও বইয়ে উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা চিকিৎসা নথি বা আনুষ্ঠানিক তদন্তের তথ্য প্রকাশিত হয়নি।

ইসরায়েলের সঙ্গে আমিরাতের সামরিক যোগাযোগের ইতিহাসও বইটির অন্যতম আলোচিত বিষয়। কোলের দাবি, ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের বিষয়টি জানতে পেরে মোহাম্মদ বিন জায়েদ এসব বিমান কেনার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। পরে বাবাকে রাজি করিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেন তিনি।

এ চুক্তি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়টি সামনে আসে। কোলের বর্ণনা অনুযায়ী, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের মধ্যস্থতায় ওয়াশিংটন, আবুধাবি ও তেল আবিবের মধ্যে এ বিষয়ে গোপন আলোচনা হয়েছিল। ঐতিহাসিকভাবে ১৯৯৮ সালে আমিরাতের ৮০টি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের তথ্য মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থার নথিতেও রয়েছে। তবে যুদ্ধবিমানের প্রযুক্তি নিয়ে বইয়ে বর্ণিত গোপন সমঝোতার সব বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত নয়।

আমিরাতের কবি ও লেখক হাবিব আল সায়েগের মৃত্যুর ঘটনাও বইয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৯ সালের ১১ আগস্ট তিনি ‘ইসরায়েলই আমাদের প্রকৃত শত্রু এবং বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের সমালোচনা করেছিলেন তিনি।

কোলের দাবি, নিবন্ধ প্রকাশের পর আমিরাতের নিরাপত্তা কর্মকর্তারা কবির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এরপর কয়েক দিন ধরে তাঁকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে তাঁর দাঁত তুলে ফেলা হয়েছিল বলেও বইয়ে উল্লেখ রয়েছে। লেখকের অভিযোগ, ১৬ থেকে ১৯ আগস্টের মধ্যে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়। তবে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ২০ আগস্ট তাঁর মৃত্যুর খবর প্রকাশ করলেও মৃত্যুর কারণ জানায়নি।

বিষয়টি নিয়ে মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন) জাতিসংঘের বিশেষজ্ঞদের কাছে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, বইয়ের অভিযোগ তারা নিজেরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত প্রয়োজন।

ট্রাম্প প্রশাসনের আরেক প্রভাবশালী ব্যক্তি টম বারাকের সঙ্গে কুশনারের ক্ষমতার দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে বইয়ে। বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা বারাক মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পুনর্গঠনে সৌদি আরব ও আমিরাতের অর্থায়নে বড় ধরনের পরিকল্পনা নিতে চেয়েছিলেন বলে কোলের দাবি।

কিন্তু কুশনার তাঁকে মধ্যপ্রাচ্যবিষয়ক বৃহত্তর নীতিনির্ধারণ থেকে দূরে রেখে মিসরসংক্রান্ত দায়িত্বে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে সৌদি আরব ও আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করলে এ বিরোধ আরও স্পষ্ট হয়। কুশনারকে অবরোধের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিল রিয়াদ ও আবুধাবি। কিন্তু টম বারাক এবং তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ট্রাম্পকে ওই পদক্ষেপের বিরোধিতা করার পরামর্শ দিয়েছিলেন বলে লেখকের দাবি।

এদিকে বইয়ের অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন কুশনার। তাঁর আইনজীবী চ্যাড মিজেল অভিযোগগুলোকে মিথ্যা, মানহানিকর ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। কুশনারের বক্তব্য, তিনি কখনো কোনো বিদেশি সরকারের গোপন ব্যাংক হিসাবের অর্থ ব্যবহারের সুযোগ পাননি এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে কোনো চুক্তিও করেননি। অভিযোগের জবাবে তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন।

বইটির অধিকাংশ বিতর্কিত তথ্য বেনামি সূত্রের ওপর নির্ভরশীল। দ্য গার্ডিয়ানও জানিয়েছে, লেখক তাঁর দাবির সমর্থনে প্রকাশ্য ই-মেইল বা ব্যাংক নথি উপস্থাপন করেননি। ফলে অভিযোগগুলোর সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আমিরাত ও সৌদি আরবের রাজপরিবারের পক্ষ থেকেও এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে কোলের বইটি মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর শাসকগোষ্ঠী, ওয়াশিংটনের নীতিনির্ধারণ এবং ব্যক্তিগত আর্থিক স্বার্থের সম্ভাব্য যোগসূত্র নিয়ে নতুন বিতর্ক সামনে এনেছে। তবে বইয়ে উত্থাপিত অভিযোগ এবং স্বাধীনভাবে প্রমাণিত তথ্যের মধ্যে পার্থক্য রাখা জরুরি।

সূত্র: দ্য গার্ডিয়ান 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত