সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক

হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট এবং ভিজিট ভিসা ব্যবহারের অভিযোগে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির উপকূলীয় শহর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে পুলিশ বলেছে, বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আটক করা হয়েছে এই যাত্রীদের। শিগগিরই তাদের মিসরে ফেরত পাঠানো হবে।

চলতি বছর ৪ কিংবা ৫ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। বৈধ হজযাত্রীদের প্রাপ্য বিভিন্ন পরিষেবা নিশ্চিত করতে সম্প্রতি কঠোর নিয়ম জারি করেছে দেশটি। সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বৈধ হজভিসার অধিকারী মুসল্লিরাই হজের সুযোগ পাবেন এবং যেসব যাত্রীর ভিসায় সমস্যা থাকবে, তাদেরকে আটক করা হবে এবং পত্রপাঠ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে ৫ শতাধিক হজযাত্রীকে আটকের খবর প্রকাশিত হওয়ার পর নাগরিকদের উদ্দেশে বিবৃতি দিয়েছে মিসরের পর্যটন মন্ত্রণালয়। সেখানে নাগরিকদের সতর্কবার্তা দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নয়— এমন কোনো ব্যক্তি বা হজ এজেন্সির ওপর যেন কোনোভাবেই ভরসা না করেন হজ করতে ইচ্ছুক মিসরীয় নাগরিকরা।