ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছ দখলদার ইসরায়েল। রোববার (১৮ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।
আইডিএফ আরও জানায়, গত এক সপ্তাহে হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বিমানবাহিনী। যারমধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাংক বিধ্বংসী সাইট। এখন পর্যন্ত হামাসের কয়েক ডজন সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা ছেড়ে যেতে হবে এবং তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে।
নেতানিয়াহু জানিয়েছেন, নতুন আক্রমণের লক্ষ্য হামাসকে পরাজিত করা। গাজার জনগণকে সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনায় সমগ্র গাজা উপত্যকার ‘দখল’ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
ইসরায়েলি এ পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি নতুন ‘মানবিক অঞ্চল’ প্রতিষ্ঠার কথাও রয়েছে, যা সাহায্যের ঘাঁটি হিসেবে কাজ করবে।