ভেনেজুয়েলায় সরাসরি শাসনের ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটিতে আগামী ৩০ দিনে কোনো নির্বাচন হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের আগে ভেনেজুয়েলাকে একটি ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা জরুরি। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি দেশটির শাসনভার পরিচালনা করবে বলেও ইঙ্গিত দেন তিনি।
 
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কে থাকবেন? জবাবে ট্রাম্প সরাসরি বলেন, “আমি”। তিনি জানান, ভেনেজুয়েলা পুনর্গঠনের এই প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
 
শনিবারের বিশেষ সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প বলেন, “এটি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং অপরাধী ও মাদক চক্রের বিরুদ্ধে লড়াই। যারা কারাগারের বন্দি ও মাদকাসক্তদের আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।”
 
ভেনেজুয়েলার তেল সম্পদ ও অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি মনে করেন, জ্বালানি খাত ঠিক করতে অন্তত ১৮ মাস সময় লাগতে পারে। এর খরচ কোম্পানিগুলো বহন করবে এবং পরবর্তীতে তা রাজস্ব থেকে সমন্বয় করা হবে।
 
এদিকে, নিউইয়র্কের আদালতে হাজির হয়ে নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ এবং ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট দাবি করেছেন।
 
অন্যদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। ট্রাম্প জানিয়েছেন, রদ্রিগেজ বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, রদ্রিগেজ সহযোগিতা না করলে দ্বিতীয় সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।