ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর আরোপিত বাণিজ্যশুল্ক বা ট্যারিফ বড় আকারে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বনির্ধারিত ৫০ শতাংশ শুল্ক কমিয়ে এখন তা ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক টেলিফোন আলাপের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মোদি তাকে আশ্বস্ত করেছেন যে, ভারত এখন থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, তার দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি আছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করতে ভারত সম্পূর্ণ প্রস্তুত।”

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৮ শতাংশ, যা আগে ৫০ শতাংশ ছিল। খুব শিগগিরই এই নতুন শুল্ক হার কার্যকর হবে।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর বৈশ্বিক অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করবে। ভারতের মতো বড় বাজার রুশ তেল থেকে মুখ ফিরিয়ে নিলে মস্কো বড় ধরনের আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।