ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমাদের কড়া বার্তা শি-পুতিনের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগে পশ্চিমা বিশ্বের বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শি বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে পারেনি; বরং দেশটিকে আরও শক্তিশালী করেছে।

বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। একই সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে শি ও পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্পের ম্যানিলা থেকে চীনে পৌঁছানোর কথা।

বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা হতে পারে।

তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল এবং প্রভাববলয় নির্ধারণ করা হয়েছিল। ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে বড় শক্তিগুলোর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার উদাহরণ হিসেবেও ইয়াল্টা সম্মেলনের কথা বলা হয়।

এবারের বৈঠক নিয়েও ইউরোপ ও এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতাধর দেশগুলো নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে গিয়ে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে।

মুক্ত বাণিজ্যের পক্ষে শি, যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা

এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য’ বজায় রাখার আহ্বান জানান। এর মাধ্যমে বিশ্বমঞ্চে চীনকে একটি স্থিতিশীল অর্থনৈতিক অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশটি শুল্ক বাড়ানো এবং তুলনামূলক কঠোর পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে।

শির বক্তব্যের আগে ওয়াশিংটন এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার আরও সীমিত করার ঘোষণা দেয়। এতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে নাজুক বাণিজ্যিক সমঝোতা আরও জটিল হতে পারে। চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।

শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা শক্তিশালী করতে হবে। একই সঙ্গে মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বাড়ানো, বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পশ্চিমা বাণিজ্য অংশীদারদের অভিযোগ, উৎপাদন খাতকে অতিরিক্ত সহায়তা দিয়ে চীন বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত ধরে রাখছে। এতে দেশটির ভোক্তাদের চেয়ে উৎপাদন খাত বেশি সুবিধা পাচ্ছে।

তবে বেইজিংয়ের বক্তব্য, বিশ্বের ধনী অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে থাকা দেশের জন্য তাদের এই উন্নয়ন মডেল উপযোগী। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগ, সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য দেশটিকে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। পাশাপাশি চীনের নীতির কারণে তাদের নিজস্ব শিল্প ও কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে।

শি বলেন, চীন তার শিল্পভিত্তি শক্তিশালী করতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং এমন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে, যা অন্য দেশগুলোরও উপকারে আসবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি শুল্ক কমাবে এবং নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। একই সঙ্গে বাণিজ্য সংরক্ষণবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নেবে।

দ্য এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান ও অংশীদার জর্জ চেন বলেন, শির এই বার্তা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অনেকের কাছে গ্রহণযোগ্য হতে পারে। একই সঙ্গে এটি ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে চীনের অবস্থান তুলে ধরার বেইজিংয়ের প্রচেষ্টাকে জোরালো করবে।

ট্রাম্পের এশিয়া সফরও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যবর্তী নির্বাচনে তাঁর রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই তাঁর প্রথম এশিয়া সফর। এর মধ্যে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে অভিযোগ এবং সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে।

তবে বিশ্লেষকদের অধিকাংশের ধারণা, ওয়াশিংটন ও বেইজিং সম্পর্ক মোটামুটি স্থিতিশীল রাখার চেষ্টা করবে। বৃহস্পতিবার শেনজেনে বৈঠকের পর আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকেও ট্রাম্প ও শির চলতি বছরের চতুর্থবারের মতো বৈঠক করার কথা রয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞাকে ব্যর্থ বললেন পুতিন

শির পর বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে হামলা চালিয়ে সড়ক সংযোগ ক্ষতিগ্রস্ত করেছে। চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যে এটি রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পুতিন তাঁর বক্তব্যে পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেন। ইউরোপ ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে এবং রাশিয়াকে আরও শক্তিশালী করেছে বলে দাবি করেন পুতিন।

তিনি বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য ও কার্যত চাপ প্রয়োগের প্রচলিত কৌশলগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে। এসব কৌশল আগের মতো ভয় দেখাতে পারছে না।

পুতিনের ভাষায়, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ কিছুটা বাধা তৈরি করতে পারে। কিন্তু এসব পদক্ষেপ কোনো দেশের প্রবৃদ্ধি থামাতে বা প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করতে সক্ষম নয়।

পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন একে অপরের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের অংশীদারত্ব ‘স্থিতিশীল ও ইতিবাচকভাবে’ এগোচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা। পাশাপাশি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।

ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান ট্রাম্প

চীন সফরের আগে ম্যানিলায় ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন ট্রাম্প। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ কয়েকটি ভূখণ্ড নিয়ে বেইজিংয়ের সঙ্গে ম্যানিলার উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তাঁর এ ঘোষণা এসেছে।

এর আগে ট্রাম্প চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও বলেছিলেন। তবে এ ধরনের বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এবারের বৈঠকের তুলনা নাকচ করেছে ক্রেমলিন। চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্টের কার্যালয় এ ধরনের তুলনাকে ‘রাজনৈতিক বিশ্লেষকদের খেলা’ বলে মন্তব্য করেছে। তবে বৈঠকটি বিশ্ব পরিস্থিতিতে বড় প্রভাব ফেলবে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে, বেইজিংয়ের দাবি, এই ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এদিকে মঙ্গলবার রুশ সামরিক উড়োজাহাজের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে তাইওয়ান ও জাপান।

পুতিন বর্তমান বিশ্ব পরিস্থিতিকে ‘অস্থির’ বলে বর্ণনা করেছেন। তবে দেশগুলোর মধ্যে মতবিরোধ আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।

পুতিন বলেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন