ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
সকাল ৭টা ৪৮ মিনিটে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’
বার্তায় যুক্তরাষ্ট্র আরও জানায়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করতে তারা আগ্রহী। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পরবর্তী এই কূটনৈতিক বার্তাটি রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।