মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বন্দ্ব নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে যুক্তরাজ্য অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক এখন আর আগের মতো নেই। স্টারমার কোনো সাহায্যই করেননি। আমি কখনোই ভাবিনি, যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখব।
এর আগে স্টারমার হুঁশিয়ারি দিয়েছিলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করতে যুক্তরাজ্য বিশ্বাসী নয়। এছাড়া বিমান হামলা চালানোর জন্য প্রথমে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি।
তবে স্টারমার সংযুক্ত রেখেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশ এবং সেখানে অবস্থানরত যুক্তরাজ্যের বাহিনীর সুরক্ষার জন্য প্রয়োজন হলে ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।
দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের মধ্যে ঝাঁঝালো ক্ষোভ ধরা পড়ে। তিনি বলেন, ‘আসলে দুনিয়া বদলে গেছে। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, এখন তা ভিন্ন। এটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই।‘
সূত্র: দ্য গার্ডিয়ান