ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

ইরানকে আর্থিক, প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বেসেন্ট বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের সরকারকে সহায়তা করে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে মার্কিন ট্রেজারি বিভাগ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

বেসেন্ট বলেন, ইরানের সরকারকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম করে—এমন বস্তুগত, প্রযুক্তিগত বা আর্থিক সহায়তা যারা দিচ্ছে, তাদের শনাক্ত ও কার্যক্রম ব্যাহত করার পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইরানকে সহায়তা করা কোনো কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র মেনে নেবে না। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সহায়তাকারীদের শনাক্ত, তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে আনা এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত পুরস্কারের বিষয়টি তুলে ধরেছেন।

মার্কিন সরকারের পক্ষ থেকে আইআরজিসির আর্থিক কার্যক্রম ব্যাহত করতে সহায়ক তথ্যের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান পিগট।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের আইআরজিসি ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। নতুন ঘোষণাগুলো ইরানের আর্থিক নেটওয়ার্ক ও আন্তর্জাতিকভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রমে সহায়তাকারীদের ওপর চাপ বাড়ানোর মার্কিন নীতির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন