প্রচণ্ড টর্নেডো ও ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মিশিগান অঙ্গরাজ্যে অন্তত চারজন নিহত হয়েছেন। তীব্র এই দুর্যোগে বহু বাড়িঘর ও বড় স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। স্থানীয় সময় শুক্রবার ( ৬ মার্চ) বিকেলে হঠাৎ করেই আঘাত হানে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, টর্নেডোর আঘাতে ব্রাঞ্চ কাউন্টিতে তিনজন এবং ক্যাস কাউন্টিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রবল ঘূর্ণিঝড় মুহূর্তের মধ্যে ভবনের ছাদ উড়িয়ে নিচ্ছে। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি, বড় গাছ ও সাইনবোর্ড উপড়ে পড়ে বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।
ক্যাস কাউন্টি প্রশাসন জানিয়েছে, কিছু এলাকায় বাড়িঘরের কেবল ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। অনেক পরিবার তাদের বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা টর্নেডোর সতর্কতা জারি করেছিল। সতর্কতা ঘোষণার অল্প সময়ের মধ্যেই ঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঝড়ের কারণে কয়েক শত বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বর্তমানে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় একটি রাজ্য জরুরি অপারেশন সেন্টার চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের সব ধরনের ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।