সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আবারও সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো। শনিবার (৭ মার্চ) আংশিকভাবে চালু করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ যাত্রীদের নিশ্চিত বুকিং ছাড়া বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে সংক্ষিপ্ত বিরতির পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস। যেসব যাত্রীর শনিবার বিকেলের ফ্লাইটের জন্য নিশ্চিত বুকিং রয়েছে, তারা নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যেতে পারবেন। একই নিয়ম ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। তবে ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রে সংযোগ ফ্লাইট সচল থাকতে হবে।
অন্যদিকে ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়া যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যাত্রীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নতুন করে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করা হলে সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যারা সরাসরি বুকিং করেছেন, তারা এমিরেটসের সহায়তা পোর্টালের মাধ্যমে বুকিং পরিবর্তন করতে পারবেন।
এছাড়া সরাসরি বুকিং করা যাত্রীরা অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। আর ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করা হলে এজেন্টের মাধ্যমেই রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিমান সংস্থাগুলো যাত্রীদের তাদের যোগাযোগের তথ্য ও বুকিংয়ের বিস্তারিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া যায়।
সূত্র: গালফ নিউজ
হামলায় ইরানের ৬,৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
যুদ্ধের ভিডিও পাঠানো নিয়ে সংবাদমাধ্যমকে ইরানের সতর্কবার্তা
পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন
