একদিকে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এরই মাঝে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দ্বীপরাষ্ট্র কিউবা।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্ব উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পূর্বাঞ্চলীয় মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল গুয়ানতানামো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১১.৬ কিলোমিটার। কিউবার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সান্তিয়াগো দে কিউবা ও গুয়ানতানামো প্রদেশে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই দুর্যোগে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে। তবে গত ৬ মার্চও কিউবার উপকূলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বর্তমান সময়টি কিউবার জন্য অত্যন্ত সংকটাপন্ন। দেশজুড়ে চলমান বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে যখন বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলছে, ঠিক তখনই এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানল। এছাড়া যুক্তরাষ্ট্রের তেল অবরোধ নীতির কারণে দেশটির কমিউনিস্ট সরকার অর্থনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। এর মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিউবাকে দখল করার সাম্প্রতিক হুঁশিয়ারি অঞ্চলে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।