ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশি অভিযানে অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার শহরের কেন্দ্রস্থলের একটি দরিদ্র জনপদ বা 'ফাভেলা'তে এই রক্তক্ষয়ী অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল দেশটির শক্তিশালী অপরাধী গোষ্ঠী 'রেড কমান্ড'-এর একজন শীর্ষ কমান্ডারকে আটক করা।
মিলিটারি পুলিশ প্রধান মার্সেলো মেনেজেস নোগুয়েরা জানিয়েছেন, বুধবারের এই অভিযানে পুলিশের সাথে অপরাধীদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। অভিযানে রেড কমান্ডের প্রভাবশালী নেতা ক্লদিও অগাস্টো ডস সান্তোস ওরফে 'রেড কমান্ডো' এবং আরও ছয়জন সন্দেহভাজন অপরাধী নিহত হন। দুর্ভাগ্যবশত, বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে স্থানীয় এক বাসিন্দা নিহত হয়েছেন, যাকে অপরাধীরা জিম্মি হিসেবে ব্যবহার করেছিল বলে জানা গেছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে রেড কমান্ডের সদস্যরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাস চালক মার্সিও সুজা জানান, দুর্বৃত্তরা দ্রুত তাকে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ক্লদিও অগাস্টোর বিরুদ্ধে ড্রাগ ট্রাফিকিং এবং রবার্তো বার্ডেলা নামক একজন ইতালীয় পর্যটককে হত্যার অভিযোগসহ ১০টি গ্রেফতারি পরোয়ানা ছিল। প্রায় ১৫০ জন মিলিটারি পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, ব্রাজিলের ফাভেলাগুলোতে পুলিশের এমন প্রাণঘাতী অভিযান নতুন কিছু নয়। এর আগে গত বছরের অক্টোবরে রিও’র একটি ফাভেলাতে অভিযানে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যা নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর কার্যপ্রণালী এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সূত্র: আলজাজিরা