পেন্টাগনের শীর্ষ জেনারেল নিখোঁজ, চলছে অনুসন্ধান

মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নেইল ম্যাকক্যাসল্যান্ড প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি সকালে নিউ মেক্সিকোর আলবুকার্কিতে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি—যা এখন স্থানীয় কর্তৃপক্ষের জন্য বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে।

৬৮ বছর বয়সী এই অভিজ্ঞ হাইকার ও প্রকৃতিপ্রেমী ব্যক্তি বাসা ছাড়ার সময় মোবাইল ফোন, চশমা ও পরিধানযোগ্য ডিভাইস রেখে যান। তদন্তকারীদের মতে, এমন আচরণ অস্বাভাবিক এবং এটি নিখোঁজ হওয়ার ঘটনাকে আরও জটিল করে তুলেছে।

কর্মজীবনে ম্যাকক্যাসল্যান্ড পেন্টাগনের উন্নত মহাকাশ ও বিমান গবেষণার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি একসময় বিমান বাহিনীর গবেষণাগারের নেতৃত্ব দেন। তবে নিখোঁজ হওয়ার আগে তিনি ‘মানসিক ঝাপসা ভাব’ বা মেন্টাল ফগের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। এ কারণে তিনি সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান থেকেও সরে দাঁড়ান বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি শেরিফ জন অ্যালেন, পরিবারের প্রতি সম্মান দেখানোর কথা উল্লেখ করে। তবে লেফটেন্যান্ট ক্যালি উডস জোর দিয়ে বলেছেন, ম্যাকক্যাসল্যান্ড মানসিকভাবে অক্ষম বা বিভ্রান্ত ছিলেন—এমন কোনো প্রমাণ নেই।

তাকে খুঁজতে হেলিকপ্টার, ড্রোন ও কুকুর ব্যবহার করা হচ্ছে। ইনফ্রারেড ক্যামেরাও কাজে লাগানো হয়েছে, তবে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ায় পাহাড় ও পাথর এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে তাপচিহ্ন শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় শেরিফ কার্যালয়ের ভাষায়, 'পুরো পাহাড়টাই যেন আগুনের মতো গরম ছিল।'

তদন্তে জানা গেছে, কলোরাডোতে তার দ্বিতীয় বাড়ি থেকে কিছু পোশাক ও হাইকিং বুট উদ্ধার করা হয়েছে। তবে তার মানিব্যাগ, একটি রিভলভার এবং একটি লাল ব্যাকপ্যাক এখনো নিখোঁজ রয়েছে।

এ পর্যন্ত প্রায় ৭০০টি বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হলেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত অপরাধমূলক কোনো ঘটনার প্রমাণ মেলেনি।

দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধান কার্যক্রম কঠিন হয়ে উঠেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, তিনি যদি পাহাড়ে গিয়ে থাকেন, তাহলে এতদিন পর জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। সূত্র: সিএনএন