যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের একটি প্রধান সামরিক ঘাঁটির আকাশে ‘অজ্ঞাতপরিচয়’ ড্রোন দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট লেসলি জে. ম্যাকনেয়ার ঘাঁটিতে এই ড্রোন শনাক্ত করেছেন কর্মকর্তারা। এ ঘাঁটিতেই অবস্থান করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ঘাঁটিতে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এবং পেন্টাগনের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সহ কয়েকজন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এখানে স্থানান্তরিত হয়েছেন।
ম্যাকনেয়ার ঘাঁটিটি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিল থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত। তবে অন্যান্য রাজধানীর সামরিক ঘাঁটির মতো সমপর্যায়ের নিরাপত্তা বলয় এখানে নেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১০ দিনের মধ্যে এক রাতে একাধিক ড্রোন ঘাঁটির আকাশে দেখা যায়।
ঘটনার পর ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয় এবং হোয়াইট হাউসে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, ড্রোন দেখা যাওয়ার পর রুবিও ও হেগসেথকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে, যদিও তারা এখনও নিজেদের বাসস্থান ছাড়েননি।
ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত নয়। মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ট্রাম্প প্রশাসন এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। সূত্র: এনডিটিভি