ইরান হামলায় যুক্তরাষ্ট্র সঠিক পথেই আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইরান অভিযানের ধারা এখন 'সঠিক ও পরিকল্পিত' পথে চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, সমস্ত পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশলকে প্রতিফলিত করছে।

হেগসেথের ভাষায়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য পুরোপুরি অপরিবর্তিত। ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, প্রতিরক্ষা শিল্প কাঠামো এবং নৌবাহিনীকে ধ্বংস করা- এই সমস্ত বিষয়ই এখনো মার্কিন কৌশলের মূল অংশ। তার মতে, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুপরিকল্পিত এবং একাধিক স্তরে পর্যালোচনা ও যাচাই শেষে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কে বড় ধরনের প্রভাব পড়েছে। হেগসেথ বলেন, 'আমাদের লক্ষ্য কখনো পরিবর্তিত হয়নি। সমস্ত পদক্ষেপ মার্কিন নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নেয়া হচ্ছে।'

আগের কয়েকটি সংবাদ সম্মেলনের মতোই হেগসেথ এইবারও উল্লেখ করেন, বৃহস্পতিবার (১৯ মার্চ) যুক্তরাষ্ট্র ইরানের ওপর এ পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালাতে যাচ্ছে। তিনি বলেন, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়- বরং দীর্ঘ পরিকল্পনার ফল। হেগসেথের বক্তব্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে কৌশলগত ও প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত করা সম্ভব হবে। সূত্র: রয়টার্স