ইরানের বিদ্যুৎ স্থাপনা-তেল কূপ-খারগ দ্বীপ ধ্বংস করার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন হুঁশিয়ারিতে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালি ব্যবসার জন্য খুলে না দেয়, তাহলে দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক এবং কৌশলগত স্থাপনাগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ হতে পারে হামলার সম্ভাব্য লক্ষ্য।

সোমবার (৩০ মার্চ) আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে জানিয়েছেন, চলমান আলোচনা ও মধ্যপ্রাচ্যে চুক্তি স্বাক্ষরের জন্য ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো কারণে চুক্তি শিগগিরই সম্পন্ন না হয় এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো ঝুঁকি স্বীকার করবে না।

তিনি আরও বলেছেন, এই পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও তেল কূপ সম্পূর্ণভাবে ধ্বংস করা, পাশাপাশি খারগ দ্বীপের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। অনেক দেশ বলছে, এ ধরনের সংকট থেকে উত্তরণ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। সূত্র: আলজাজিরা