ইরান যুদ্ধ ও হরমুজ নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জিনের বৈঠক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা চ্যালেঞ্জ, পশ্চিম তীরের অবনতিশীল পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর জিন শাহীন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন ক্যাপিটলে দুই দেশের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে সিনেট ফরেন রিলেশনস কমিটির ডেমোক্র্যাট সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তথ্য জানান।

আলোচনায় ইরান যুদ্ধের কারণে সৌদি আরব যেসব নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো গুরুত্ব পায়। একই সঙ্গে পশ্চিম তীরে পরিস্থিতির অবনতির বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান হরমুজ প্রণালির পরিস্থিতি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি আন্তর্জাতিক জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে আলোচনা আরও গুরুত্ব পেয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এর আগে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজ প্রণালির নৌ চলাচল নিয়ে বৈঠক করেছেন।

শাহীন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য। বৈঠকে আলোচিত বিষয়গুলো মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি, ইরান যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তাকে ঘিরে যুক্তরাষ্ট্র-সৌদি সমন্বয়ের বিষয়টি সামনে এনেছে।

ওয়াইএ
আরও পড়ুন