ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস সতর্ক করেছে যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরাকের রাজধানীতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা হতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ‘নিরাপত্তা সতর্কবার্তায়’ (Security Alert) এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কেবল আমেরিকান নয়, বরং যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রয়েছে এমন ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে- মার্কিন নাগরিক, কোম্পানি, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে বিবেচিত ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক স্থাপনাগুলোতেও হামলা হতে পারে।
মার্কিন দূতাবাস উল্লেখ করেছে যে, মিলিশিয়ারা এর আগেও মুক্তিপণ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আমেরিকান নাগরিকদের অপহরণ করেছে। তাই নাগরিকদের কোনো ধরণের ঝুঁকি না নিয়ে দ্রুত ইরাক ত্যাগের আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে,‘যেকোনো কারণেই হোক না কেন, এই মুহূর্তে ইরাক ভ্রমণ করবেন না। আর যারা সেখানে অবস্থান করছেন, তারা কালক্ষেপণ না করে দ্রুত নিরাপদ স্থানে চলে যান।’
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, ইরাক সরকার তাদের ভূখণ্ডে মিলিশিয়াদের অপতৎপরতা রুখতে ব্যর্থ হয়েছে। পেন্টাগনের দাবি, হামলাকারী অনেক মিলিশিয়া সদস্যের সাথে ইরাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যোগসাজশ থাকতে পারে, এমনকি তাদের কাছে সরকারি পরিচয়পত্র থাকারও প্রমাণ রয়েছে।