ইরান যুদ্ধ ও মুদ্রাস্ফীতি, ট্রাম্পের জনসমর্থনে ধস

২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর বর্তমানে ইরান যুদ্ধ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় নজিরবিহীন ধস নেমেছে। সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ট্রাম্পের একনিষ্ঠ ভোটারদের একটি বড় অংশ এখন তাদের ভোট নিয়ে অনুশোচনা (Voter Regret) প্রকাশ করছেন।

ইউগভ (YouGov) এবং সিএনএন (CNN)-এর নতুন জরিপ অনুযায়ী, ট্রাম্পের ভোটারদের প্রায় ১৬ শতাংশ এখন মনে করছেন যে তারা আবার সুযোগ পেলে তাকে ভোট দেবেন না। বিশেষ করে ৩০ বছরের কম বয়সী এবং হিস্পানিক ভোটারদের মধ্যে এই অনুশোচনার হার সবচেয়ে বেশি। এপ্রিল ২০২৫-এ যেখানে ৭৪ শতাংশ ভোটার ট্রাম্পের প্রতি 'অত্যন্ত আত্মবিশ্বাসী' ছিলেন, বর্তমানে তা কমে ৬২ শতাংশে দাঁড়িয়েছে।

ভোটদাতাদের এই অসন্তোষের মূলে রয়েছে ইরান যুদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতি। সিএনএন-এর জরিপে দেখা গেছে, ট্রাম্পের নিজের ভোটারদের ২৮ শতাংশ ইরানের সাথে যুদ্ধ এবং ৪৫ শতাংশ জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে তার ওপর নাখোশ। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ট্রাম্পের প্রধান শক্তির উৎস 'শ্বেতাঙ্গ কর্মজীবী' ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ৬৩ শতাংশ থেকে কমে বর্তমানে ৪৯ শতাংশে নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের এই পিছুটান ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সূত্র: সিএনএন