ডোনাল্ড ট্রাম্প-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সরাসরি ভিত্তিহীন বলে নাকচ করেছে হোয়াইট হাউস।
শনিবার (৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে শুধুমাত্র ‘এক্সিকিউটিভ টাইম’ উল্লেখ থাকায় জল্পনার শুরু হয়। সাধারণত এই সময়টি ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক কাজের জন্য বরাদ্দ থাকে। পরে হোয়াইট হাউস থেকে ‘লিড’ ঘোষণা করা হলে ধারণা করা হয়, সেদিন তিনি জনসম্মুখে আর আসবেন না যা গুজবকে আরও উসকে দেয়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার-এ ভর্তি করা হয়েছে। এমনকি হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার এবং রাস্তা বন্ধ করে দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
গুঞ্জন ছড়িয়ে পড়ার পরপরই হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানায়। তারা স্পষ্টভাবে জানায়, প্রেসিডেন্ট কিছু সময় গণমাধ্যমে উপস্থিত না থাকলেই ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এসব গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ইস্টারের ছুটির সময়েও নিয়মিতভাবে ওভাল অফিসে কাজ করে যাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি প্রমাণ করে প্রেসিডেন্ট ভবনের ভেতরেই অবস্থান করছেন এবং দায়িত্ব পালন করছেন।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থার অনুসন্ধানেও হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহরের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।