আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হতে পারে: ট্রাম্প

বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানে বড় ধরনের সামরিক ধ্বংসযজ্ঞের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আজ রাতেই একটি গোটা সভ্যতার মৃত্যু হতে পারে, যা আর কোনোদিন ফিরে আসবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চরম হুঁশিয়ারি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে।’ 

তবে ধ্বংসের হুমকির পাশাপাশি তিনি ইরানে একটি আমূল পরিবর্তনের আশাবাদও ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, ‘এখন যেহেতু আমরা ইরানে একটি সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।’

ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও যোগ করেন, ‘কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি হবে বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। আজ রাতেই ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প ইতোমধ্যেই তেহরানকে আল্টিমেটাম দিয়েছেন যে, আজ রাত ৮টার (মার্কিন সময়) মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ‘সভ্যতার মৃত্যু’ সংক্রান্ত বার্তা সেই চূড়ান্ত সামরিক অভিযানেরই পূর্বাভাস কি না, তা নিয়ে বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সূত্র: আল-জাজিরা