ইরানকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়া এবং একটি আস্ত ‘সভ্যতা ধ্বংস’ করার হুমকির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন প্রভাবশালী সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি ট্রাম্পকে একজন ‘চরম অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে রিপাবলিকানদের প্রতি এই যুদ্ধের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিউ ইয়র্কের এই ডেমোক্র্যাট সিনেটর এবং তার দলের অন্যান্য নেতারা এমন একটি আইন পাসের চেষ্টা করছেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের ওপর পরবর্তী যেকোনও হামলার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পকে বাধা দেবে। তবে এখন পর্যন্ত মাত্র হাতেগোনা কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের এই ক্ষমতা খর্ব করার পক্ষে ভোট দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শুমার বলেন, যে সব রিপাবলিকান সদস্য এই ‘স্বেচ্ছাচারী যুদ্ধের’ বিরুদ্ধে ভোট দিতে অস্বীকৃতি জানাবেন, ট্রাম্পের কর্মকাণ্ডের ফলে উদ্ভূত প্রতিটি পরিণতির দায়ভার তাদেরই নিতে হবে।
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অব্যাহত আক্রমণাত্মক অবস্থান এবং একের পর এক আল্টিমেটাম দেওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। ডেমোক্র্যাটরা এখন রিপাবলিকানদের ওপর চাপ সৃষ্টি করছে যেন তারা এই সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা রাখে।
সূত্র: এপি