ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না: ট্রাম্প

দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানে অনড় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো অবস্থাতেই ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (Uranium Enrichment) করতে দেওয়া হবে না। তার মতে, একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য এটিই হবে ওয়াশিংটনের অন্যতম প্রধান শর্ত।

শুক্রবার ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রশাসনের অবস্থান তুলে ধরেন তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, এবং আমরা মনে করি দেশটিতে একটি ফলপ্রসূ ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।

তিনি আরও বলেন, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে গভীরে মাটির নিচে থাকা (বি-২ বোমারু বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত) পারমাণবিক ‘ধূলিকণা’ খনন করে অপসারণ করবে।

এছাড়া ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ওপর যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারি অব্যাহত রয়েছে।