যুদ্ধে কোন দেশের কত জন নিহত?

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষমেষ দুই সপ্তাহের জন্য বিরতিতে সম্মত হয়েছে এ তিন দেশ। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে এই চুক্তি। 

কিন্তু এরইমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে এই যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।  এ পর্যন্ত প্রাণহানির যে পরিসংখ্যান আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং বিভিন্ন সংস্থা থেকে পাওয়া গেছে, তা নিচে দেশভিত্তিক তুলে ধরা হলো:

ইরানে নিহত ৩৬৩৬
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক এবং অন্তত ২৫৪ জন শিশু রয়েছে।

সংস্থাটি বলছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন, স্থানীয় যোগাযোগ, চিকিৎসা ও জরুরি সূত্র, নাগরিক সমাজ নেটওয়ার্ক, ওপেন সোর্স তথ্য এবং সরকারি বিবৃতি থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ জানিয়েছে, ইরানে অন্তত ১ হাজার ৯০০ জন নিহত এবং ২০ হাজার ০০০ জন আহত হয়েছে।

ইসরায়েলে নিহত ৩৪
ইরান ও লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননে ১১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এমনকি ইসরায়েলি হামলায় একজন ইসরায়েলি কৃষকও নিহত হন।

যুক্তরাষ্ট্রে নিহত ১৩
১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং ৩০০-এর বেশি আহত হয়েছে। এর মধ্যে ৬ জন ইরাকের ওপর একটি সামরিক বিমান দুর্ঘটনায় এবং ৭ জন সরাসরি অভিযানে নিহত হয়।

লেবাননে নিহত ১৫৩০
লেবানন জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছে। এরমধ্যে অন্তত ১২৯ জন শিশু। আর হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ৪০০-এর বেশি যোদ্ধা নিহত হয়েছে।

এছাড়াও লেবাননের ১০ জন সেনা নিহত এবং জাতিসংঘের ৩ জন শান্তিরক্ষীও প্রাণ হারিয়েছেন।

ইরাকে নিহত ১১৭
ইরাকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিক, ইরান-সমর্থিত মিলিশিয়া, কুর্দি পেশমার্গা, পুলিশ ও সেনাসদস্য রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে নিহত ১৩
ইরানি হামলায় ১২ জন নিহত হয়েছে। এরমধ্যে ২ জন সেনা রয়েছে। আবুধাবির গ্যাস স্থাপনায় হামলার সময় ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হন।

কাতারে নিহত ৭
একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে, যার মধ্যে কাতারি ও তুর্কি সেনা এবং প্রযুক্তিবিদ রয়েছে।

কুয়েতে নিহত ৭
ইরানি হামলায় এবং অন্যান্য ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছে, যার মধ্যে সেনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য রয়েছে।

পশ্চিম তীরে নিহত ৪
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন ফিলিস্তিনি নারী নিহত হয়েছে।

সিরিয়ায় নিহত ৪
২৮ ফেব্রুয়ারি দক্ষিণ শহর সুয়েইদায় একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ৪ জন নিহত হয়েছে।

বাহরাইনে নিহত ২
ইরানি হামলায় ২ জন নিহত হয়েছে। একটি ঘটনায় মরক্কোর একজন ঠিকাদারও প্রাণ হারান।

ওমানে নিহত ২
১৩ মার্চ শিল্পাঞ্চলে ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছে। এছাড়া একটি ট্যাংকারে আঘাতে আরও একজনের মৃত্যু হয়।

সৌদি আরবে নিহত ২
রিয়াদের দক্ষিণে আল-খার্জ এলাকায় একটি প্রজেক্টাইল পড়ে ২ জন নিহত হয়েছে।

ফ্রান্সে নিহত ১
উত্তর ইরাকে একটি ড্রোন হামলায় ফরাসি একজন সেনা নিহত এবং ৬ জন আহত হয়েছে।

বাংলাদেশে নিহত ৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সূত্র: রয়টার্স

AHA
আরও পড়ুন